শিরোনাম

পোশাক শ্রমিকরা কাজে ফিরে না গেলে ব্যবস্থা : শ্রম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক : বেতন বৃদ্ধির দাবিতে সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার আন্দোলনকারী শ্রমিকরা মঙ্গলবারের মধ্যে কাজে ফিরে না গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চন্নু।

সচিবালয়ে মঙ্গলবার (২০ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ কথা জানান।

গত এক সপ্তাহ ধরে ধরে আশুলিয়ার ৪০ থেকে ৪৫টি পোশাক কারখানার হাজার হাজার শ্রমিক সর্বনিম্ন বেতন ১৫ হাজার টাকা করার দাবিতে কর্মবিরতিসহ বিক্ষোভ প্রদর্শন করছে।

এ আন্দোলন উদ্দেশ্যমূলক মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় কিছু কিছু মহল, কোন কালো হাত, কেউ সরকারের ভাল চায় না, কেউ এই সেক্টরের ভাল থাকুক চায় না, সেটা হতে পারে দেশি-বিদেশি, তারাই এ কাজটা করছে বলে মনে হয়। এটা আমরা বের করার চেষ্টা করছি, এবং বের করতে পারব ইনশাআল্লাহ।’

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘আমি শ্রমিক ভাইদের অনুরোধ জানাব তারা যাতে অনতিবিলম্বে এ কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগদান করেন। কারণ তাদের এ কর্মবিরতিটা শ্রম আইন অনুযায়ী সম্পূর্ণভাবে অবৈধ, এর আইনগত কোন ভিত্তি নেই। এ অবৈধ ও অন্যায় কাজটি না করার জন্য আমি শ্রমিক ভাইদের আহ্বান জানাব।’

শ্রমিকদের পক্ষ থেকে বেতন বৃদ্ধিসহ কোন ধরণের দাবি সরকারের কাছে উত্থাপন করা হয়নি জানিয়ে মুজিবুল হক শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের সংগঠনের মাধ্যমে আইনগতভাবে এগিয়ে আসেন। আপনাদের কি কথাবার্তা আছে আমাদের বলেন। আামাদেরকে লেখেন আমরা বিষয়টা দেখব।’

‘অন্যায়ভাবে যদি দাবি আদায় করতে চান তবে সরকার এ ব্যাপারে কঠোর। এই সেক্টর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন অন্যায় অবদার, পেছনের পথে যদি কেউ কিছু করতে চান সেটা বরদাশত করা হবে না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের অনুরোধের (শ্রমিকদের) একটা শেষ আছে। আমার এই অনুরোধের পর যদি না আসেন (কাজে ফিরে) আইনগতভাবে যা যা করার আমরা তাই করব।’

এ সময় শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "পোশাক শ্রমিকরা কাজে ফিরে না গেলে ব্যবস্থা : শ্রম প্রতিমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*