শিরোনাম

প্রাথমিক-ইবতেদায়ি সমাপনী শুরু হচ্ছে রবিবার

নিউজ ডেস্ক : পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল রবিবার (২০ নভেম্বর) থেকে। এবার মোট পরীক্ষার্থী ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন।

গত বছর পরীক্ষার্থী ছিল ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন। গত বছরের তুলনায় এবার দুটি পরীক্ষায় পরীক্ষার্থী ২৪ হাজার ২২৬ জন কম।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, এ বছর প্রাথমিক সমাপনীতে ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জন ও ইবতেদায়ি সমাপনীতে ২ লাখ ৯৯ হাজার ৭১৫ জন ছাত্র-ছাত্রী অংশ নিচ্ছে।

প্রথমদিন প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে ইংরেজি বিষয়ের পরীক্ষা হবে। রবিবার সকাল সাড়ে ১০টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান রাজধানীর অগ্রণী স্কুল এন্ড কলেজ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন।

প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত হবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বেশি রাখা হয়েছে। পরীক্ষা শেষ হবে ২৭ নভেম্বর।

মন্ত্রণালয় ও সম্প্রতি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের প্রাপ্ত তথ্যে জানা গেছে, দুটি পরীক্ষায় এবার ছাত্রের চেয়ে ছাত্রী ২ লাখ ৩৮ হাজার ৫০৯ জন বেশি। প্রাথমিক সমাপনীতে পরীক্ষার্থীদের মধ্যে ১৩ লাখ ৪৬ হাজার ৩২ জন ছাত্র ও ১৫ লাখ ৮৪ হাজার ৫৪১ জন ছাত্রী। ইবতেদায়ি সমাপনীতে ছাত্র এক লাখ ৫৭ হাজার ৩১৯ ও ছাত্রী এক লাখ ৪২ হাজার ৩৯৬ জন।

প্রাথমিক সমাপনীতে ২ হাজার ৮৫৭ ও ইবতেদায়িতে ৯০ জন বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক) পরীক্ষার্থী অংশ নেবে। সারাদেশে সাত হাজার ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে দেশের বাইরে ১১টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

২০০৯ সালে প্রথম প্রাথমিক সমাপনী শুরু হয়। ইবতেদায়ি সমাপনী শুরু হয় আরো এক বছর পর। সেই অনুযায়ী অষ্টমবারের মতো প্রাথমিক সমাপনী ও সপ্তমবারের মতো ইবতেদায়ি সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

basic-bank

Be the first to comment on "প্রাথমিক-ইবতেদায়ি সমাপনী শুরু হচ্ছে রবিবার"

Leave a comment

Your email address will not be published.


*