নিউজ ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে বক্সিং-ডে টেস্টেও খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ব্যাটসম্যান শন মার্শ। টেস্ট খেলার জন্য মার্শ এখনো পুরোপুরি ফিট নন বলে জানালেন প্যাট হাওয়ার্ড।
তিনি বলেন, “বক্সিং-ডে টেস্টের আগে সুস্থ হতে পারবেন না মার্শ। তার খেলার কোন সম্ভাবনাই নেই। ”
গেল মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হাতের আঙ্গুলের ইনজুরিতে পড়েন মার্শ। হাতের আঙুল ভেঙে যাওয়ায় সিরিজের মাঝপথে সড়ে দাঁড়ান তিনি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলতে পারেননি মার্শ। এমনকি পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টেও অংশ নিতে পারেননি এই ব্যাটসম্যান। পাকিস্তানের বিপক্ষে বক্সিং-ডে টেস্টেই মার্শ মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছিল। কিন্তু তার বর্তমান অবস্থা নিয়ে মোটেও সন্তুষ্ট নন হাওয়ার্ড।
ম্যাচ খেলার জন্য এখনো মার্শ ফিট নন বলে জানালেন হাওয়ার্ড, “আগামী দু-তিন দিনের মধ্যেই মার্শের আঙুলে এক্স-রে করানো হবে। তবে এখনো সুস্থ হতে বেশ সময় লাগবে তার। দলের ফিজিওর সাথে আমার কথা হয়েছে। ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট নন মার্শ। ”
মার্শ খেলতে না পারলে, বক্সিং-ডে টেস্টে আবারো সুযোগ পেতে পারেন নিক ম্যাডিসন। তবে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টে ভালো পারফরমেন্স করতে পারেননি তিনি। ১ ও ৪ রান করেন তিনি। তবে পারফরমেন্সের হিসাবে ম্যাডিসন সুযোগ না পেলে সেক্ষেত্রে কালাম ফার্গুসনকে সুযোগ দিতে পারে অস্ট্রেলিয়া। মেলবোর্নে আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ।

Be the first to comment on "বক্সিং-ডে টেস্টেও শন মার্শ অনিশ্চিত"