নিউজ ডেস্ক : নগরীর অক্সফোর্ড মিশন রোডস্থ নীলাচল নামের একটি ভবনের ফ্লাটে অভিযান চালিয়ে অননুমোদিত বিপুল পরিমান ওষুধসহ আটককৃত দুইজনকে বুধবার রাত দশটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড ও ওই ফ্লাটটি সিলগালা করে দেয়া হয়েছে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসেনের ভ্রাম্যমান আদালতে আটককৃত কাইউমকে এক বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুইমাসের দন্ডাদেশ এবং অপর আটক সুলতান মুন্সিকে দুই লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে। দন্ডপ্রাপ্ত সুলতান মুন্সীর বাড়ি বরগুনার পাথরঘাটায় এবং কাইয়ুমের বাড়ি বরিশালের কড়াপুরে।
এপিবিএন’র পরিদর্শক শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা বুধবার রাত নয়টায় নগরীর অক্সফোর্ড মিশন রোডের নীলাচল ভবনের একটি ফ্লাটে অভিযান পরিচালনা করেন। এ সময় প্রায় ওই ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া জামাল উদ্দিন মুন্সীর ফ্লাট থেকে ১০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমান অননুমোদিত ওষুধসহ দন্ডপ্রাপ্ত দুইজনকে আটক করা হয়। জব্দকৃত ওষুধগুলো রাত সাড়ে ১১ টায় কীর্তনখোলা নদীর তীরবর্তী এলাকায় নিয়ে পুড়িয়ে ফেলা হয়।

Be the first to comment on "বরিশালে অবৈধ ওষুধসহ আটক দুইজনকে কারাদন্ড"