নিউজ ডেস্ক : বসনিয়া পুলিশ দেশটি ১৯৯০-এর দশকের যুদ্ধের শুরুতে শিশুসহ প্রায় ১২০ জন মুসলিমকে হত্যার সঙ্গে জড়িত থাকার জন্যে সন্দেহভাজন আট জাতিগত সার্বকে মঙ্গলবার গ্রেফতার করেছে।
রাষ্ট্রীয় কৌঁসুলির দফতর জানায়, এই আটজনকে ১৯৯২ সালের জুলাইতে প্রিজেডরের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় ১৫ বালকসহ ১২০ জন মুসলিমকে আটক ও হত্যায় ভূমিকা থাকার সন্দেহে গ্রেফতার করা হয়েছে।
রাষ্ট্রীয় কৌঁসুলির দফতরের এক বিবৃতিতে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তিরা সে সময় একটি স্থানীয় ক্রাইসিস কমিটি, পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্য ছিলো।
সন্দেহভাজনরা ওই মুসলিমদের একটি কমিউনিটি সেন্টার ও একটি ফুটবল স্টেডিয়ামে নিয়ে যায় এবং সেখানে তিন দিন ধরে তাদের ওপর অত্যাচার-নির্যাতন চালায়।
বিবৃতিতে বলা হয়, ‘সেদিনের গুলির ঘটনায় মাত্র কয়েকজন বেঁচে যান এবং সেদিনের অপরাধ সম্পর্কে জানতে তাদের সাক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ। ’
বসনিয়ার সার্ব সামরিক প্রধান রাটকো ম্লাদিচ বর্তমানে হ্যাগে জাতিসংঘের একটি আদালতে বিচারাধীন রয়েছেন। বিচার প্রক্রিয়া প্রায় শেষ হয়ে এসেছে।
প্রিজেডরে নৃশংসতার ভূমিকার জন্যও ম্লাদিচের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
বসনিয়ার সার্বরা ১৯৯২ সালের এপ্রিলে এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে সার্ব ছাড়া অন্যদের তাদের বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য করে।
তারা হাজার হাজার লোককে বিভিন্ন বন্দী শিবিরে আটকে রেখে তাদের ওপর অত্যাচার-নির্যাতন চালায় এবং অনেককে হত্যা করে।

Be the first to comment on "বসনিয়ায় যুদ্ধকালীন মুসলিম হত্যার জন্য ৮ জন গ্রেফতার"