শিরোনাম

বাংলাদেশ-ভারত ক্রিকেটে তুমুল আলোচিত ৫ ঘটনা

নিউজ ডেস্ক : একটা সময় ক্রিকেট বিশ্বে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা। রাজনৈতিক কারণে বহুদিন ধরেই সেই উত্তেজনাকর দ্বৈরথ দেখা যায় না। গত বিশ্বকাপ থেকে সেই জায়গাটি দখল করে নিয়েছে বাংলাদেশ-ভারত দ্বৈরথ। কোয়ার্টার ফাইনালের সেই বিতর্কিত ম্যাচটি থেকে শুরু করে গত দুই বছরে ঘটে গেছে বেশ কয়েকটি আলোচিত ঘটনা। হায়দরাবাদ টেস্টের আগে চলুন একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে সেই ঘটনাগুলো দেখে আসা যাক।

২০১৫ বিশ্বকাপে সেই ষড়যন্ত্র : গত বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে উঠেছিল। সুপার এইটে তাদের প্রথম প্রতিপক্ষ ছিল ভারত। শুরু থেকেই ভারতকে চেপে ধরেছিল মাশরাফি বাহিনী। এরপরই শুরু হয় বিতর্কিত সিদ্ধান্ত। রোহিত শর্মা যখন ৯০ রানে ক্যাচ দিলেন তখন আম্পায়ার ইয়ান গোল্ড নো বল ডেকে বসলেন। কিন্তু টিভি রিপ্লেতে দেখা গেল সেটি আসলে নো বল ছিল না। এরপর রোহিত শর্মা আরও ৪৭ রান করেন। যা ভারতকে তিন শতাধিক রানের পাহাড়ে নিয়ে যায়।

সেই রান তাড়া করতে নেমেও বাজে আম্পায়ারিংয়ের শিকার হয় বাংলাদেশ। দারুণ খেলতে থাকা মাহমুদ উল্লাহ রিয়াদের ক্যাচ নেন শিখর ধাওয়ান। আম্পায়ার আউট দিয়ে দেন কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায়, ধাওয়ান বাউন্ডারির দড়ি স্পর্শ করেছেন। অর্থাৎ সেটি ছিল একটা ছক্কার মার! এর আগে বাংলাদেশের প্রথম ব্যটসম্যান হিসেবে বিশ্বকাপে জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রিয়াদ। এখান থেকেই শুরু হয় দুই দেশের সমর্থকদের রেষারেষি। পদত্যাগ করেন আইসিসি প্রেসিডেন্ট আফম মোস্তফা কামাল। বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা এই ষড়যন্ত্রের প্রতিবাদ করেন।

মধুর প্রতিশোধ: কথায় আছে, “এই দিন দিন নয় আরও দিন আছে। ” বিশ্বকাপের পর সেই দিনটি চলে আসে বাংলাদেশের হাতে। বাংলাদেশ সফরে আসে মহেন্দ্র সিং ধোনির ভারত। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ৭৯ রানে জিতে নেয় বাংলাদেশ। ওই ম্যাচ থেকেই ক্রিকেট বিশ্বে আবির্ভাব ঘটে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। এদিন তিনি ৫ উইকেট নিয়ে একাই ধসিয়ে দেন ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ। পরের ম্যাচ ৬ উইকেটে জিতে নিয়ে প্রথমবারের মত ভারতের বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশ।

মুস্তাফিজককে ধোনির ধাক্কা: বাংলাদেশ সফরে এসে আবারও সমালোচনার মুখে পড়ে টিম ইন্ডিয়া। সৌজন্য তৎকালীন ভারত ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। ‘ক্যপ্টেন কুল’ বলে পরিচিত ঠাণ্ডা মাথার এই ক্রিকেটার এক অদ্ভূত কাণ্ড করে বসেন। মুস্তাফিজের কাটারে প্রথম ওয়ানডেতে ভারত যখন হারের মুখে, তখনই একটা রান নিতে গিয়ে মুস্তাফিজকে ধাক্কা দিয়ে ফেলে দেন ধোনি! বাংলাদেশ তো বটেই, সমগ্র ক্রিকেট বিশ্বে সমালোচনার ঝড় উঠে। খোদ ভারতের সাবেক ক্রিকেটাররা ধোনির এই আচরণে বিস্ময় প্রকাশ করেন।

‘মওকা মওকা’ মিউজিক ভিডিও: সেই সিরিজ হারের পর ভারতীয় সমর্থকরা দমে যায়নি। এর মধ্যেই স্টার স্পোর্টস একটি বিজ্ঞাপন প্রচার করে দুই দেশের সমর্থকদের আরও উস্কে দেয়। ‘মওকা মওকা’ শিরোনামের সেই বিজ্ঞাপনটি তুমুল বিতর্কের জন্ম দেয়। মূলত পাকিস্তানকে ব্যঙ্গ করে এই ভিডিওটি তৈরি করলেও তাতে বাংলাদেশকেও পাকিস্তানের সঙ্গে জড়িয়ে ছোট করা হয়। যথারীতি দুই দেশের মিডিয়া পর্যন্ত এই লড়াইয়ে নামে।

জবাবে তাসকিনের হাতে ধোনির মুণ্ডু: ভারতের ‘মওকা মওকা’র জবাবে একটু বাড়াবাড়ি করে ফেলে বাংলাদেশের সমর্থকরা। ইন্টারনেটে স্পিডস্টার তাসকিন আহমেদ এবং মহেন্দ্র সিং ধোনির একটা ছবি ভাইরাল হয়ে যায়। ছবিটিতে ধোনির কাটা মুণ্ডু ধরা ছিল তাসকিনের হাতে। দুই দেশের মিডিয়াতে বিষয়টি ফলাও করে প্রচার হয়। তবে ভারতের পাশাপাশি বাংলাদেশের অসংখ্য দর্শক-সমর্থক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট গ্রাফিক্যাল ভায়োলেন্সের জন্য ছবিটির সমালোচনা করেন। এছাড়া বাংলাদেশের একটি পত্রিকায় মুস্তাফিজের ‘কাটার’ বোঝাতে গিয়ে ভারতীয় দলের ন্যাড়া মাথার ফটোশপ করা ছবি প্রকাশ করা নিয়েও বিতর্কে উত্তাল হয় দুই দেশ।

basic-bank

Be the first to comment on "বাংলাদেশ-ভারত ক্রিকেটে তুমুল আলোচিত ৫ ঘটনা"

Leave a comment

Your email address will not be published.


*