নিউজ ডেস্ক : রাজধানীর খুচরা বাজারে সবজির দাম বেড়েছে কয়েকগুণ। তবে কিছু কিছু সবজির দাম অপরিবর্তিত থাকলেও পেঁয়াজের দাম বেড়েছে সবচেয়ে বেশি। যেখানে দু’দিন আগে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছিল ৩০ টাকা, সেখানে শনিবার বিক্রি হচ্ছে ৪০ টাকা।
শনিবার রাজধানীর কারওরান বাজারে সবজি কিনতে আসা অধিকাংশ ক্রেতার অভিযোগ, আগের চেয়ে সবজির দাম বেড়েছে। বাজার ঘুরে দেখা যায়, চলতি সপ্তাহে কাঁচাপণ্যের দাম বেড়েছে।
একাধিক বাজারে দেখা গেছে, ঢেঁড়স কেজি প্রতি ১০ টাকা বেড়ে দাম ৫০, ৫৫ টাকার মুলা ৬০, ঝিঙায় সাত টাকা বেড়ে ৬০, চিচিংগা ৫০ যা আগে ছিলো ৪৫ টাকা। বরবটি ৮০, পটল বিক্রি হচ্ছে ৪০ আর কাঁচামরিচ ১৬০ টাকায়। ৮০ টাকার টমেটো বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০০ টাকা।
এছাড়া বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা, কচুরমুখী পাঁচ টাকা বেড়ে ৪৫ টাকা, করলায় ১০ টাকা বেড়ে ৬০, পেঁপে পিস প্রতি ৩০, গাজর ৬০ টাকা, লেবু ৩০ টাকা (হালি), লাউ ৩০ টাকা, প্রতিকেজি দেশি আলু ২৫ টাকা ও ভারতীয় আলু ২২ টাকা দামে বিক্রি হচ্ছে। লালশাকের আঁটিপ্রতি ছয় টাকা বেড়ে ১৫ টাকা, মিষ্টি কুমড়া পিসপ্রতি ১০ টাকা বেড়ে ৪০ টাকা, পুঁইশাক আঁটিপ্রতি পাঁচ টাকা বেড়ে ২৫ টাকা ও কাঁচাকলা হালি প্রতি ১০ টাকা বেড়ে ৪২ টাকায় বিক্রি হচ্ছে। সবজি বিক্রেতারা জানিয়েছেন, আমদানি কম হওয়ার কারণে দাম কিছুটা বেড়েছে।
কারওরান বাজারে দেশি পেঁয়াজের দাম রাখা হচ্ছে ৪০ টাকা, যা গত দু’দিন আগে ছিলো ৩০ টাকা। ইন্ডিয়ান পেঁয়াজ ৩০ টাকা, যা আগে ছিলো ২৪ টাকা। রসুন ইন্ডিয়ান ২০০ টাকা আর দেশি রসুনের দাম ১৬ টাকা বেড়ে ১৬২ টাকা। আদা ইন্ডিয়ান কেজি প্রতি ১০০ ও দেশি ১২০ টাকা।

Be the first to comment on "বাড়ছে সবজির দাম"