শিরোনাম

বিএনপিকে নির্বাচনে নিতে গভীর ষড়যন্ত্র চলছে : ফখরুল

নিউজ ডেস্ক : ক্ষমতাসীন সরকারের অধীনে বিএনপিকে নির্বাচনে নিতে গভীর ষড়যন্ত্র চলছে বলে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বলেন, নির্বাচন বিষয় নয়, বিএনপি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা চায়। গণপ্রতিনিধিত্ব আদেশ আইনের (আরপিও) রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলসংক্রান্ত ধারার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আইন মানুষের উপকারের জন্য। যে আইন মানুষের উপকারে আসে না, সেটি আইন নয়।

আজ সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দি দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ওই আলোচনার আয়োজন করে। ফখরুল বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন নির্বাচন নয়। সরকার একই কায়দায় ছলচাতুরি করে, প্রতারণা করে গোল করতে চায়। কিন্তু তা এত সহজ নয়। তিনি অভিযোগ করেন, দেশের কোথাও গণতন্ত্র নেই। জনগণকে বোকা বানানোর জন্য সরকার গণতন্ত্রের কথা বলে। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না।

মির্জা ফখরুল বলেন, একদিন তারেক রহমানের কারাবন্দি দিবস পালন করে লাভ হবে না। তারেক রহমানকে দেশে নিয়ে আসতে হবে, সে জন্য আন্দোলন করতে হবে। বিএনপির মহাসচিব অভিযোগ করেন, তারেক রহমান সুদূরপ্রসারী চক্রান্তের শিকার। এই চক্রান্ত শুরু হয়েছিল জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

basic-bank

Be the first to comment on "বিএনপিকে নির্বাচনে নিতে গভীর ষড়যন্ত্র চলছে : ফখরুল"

Leave a comment

Your email address will not be published.


*