নিউজ ডেস্ক : রাজনৈতিক ক্ষমতাবলে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, বিএনপিও সম্মেলনের জন্য সোহরাওয়ার্দী উদ্যানকে ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতাবলে সেখানে বিএনপিকে সম্মেলন করতে দেয়নি। বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রয়াত বিএনপি নেতা হান্নান শাহ স্মরণে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজেদের সম্মেলনের জন্য কোন অনুমতি লাগে না তাই আওয়ামী লীগ অন্তত ১৫ দিন আগ থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের প্রস্তুতি কাজ চালিয়ে যাচ্ছে। তবে একটি কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, সারা ঢাকা সিটিতে আওয়ামী লীগ বিদ্যুতের ঝলমল বাতি লাগিয়ে জনগণের মধ্যে প্যজ্জলিত ক্ষোভের আগুন নেভাতে পারবে না।
নোমান বলেন, আওয়ামী লীগ তাদের ২০তম সম্মেলনে জনগণের কাছ থেকে দুর্নীতির মাধ্যমে লুট করা টাকা ব্যয় করবে এটাই স্বাভাবিক। কিছু অসাধু ব্যবসায়ী ও দলসমর্থিত দূর্নীতিবাজরা সেই সম্মেলনে টাকা খরচ করে পরবর্তীতে বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে তাদের টাকা ফেরত নিয়ে নেবে। তবে বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে চায় আওয়ামী লীগের সম্মেলন সফল হউক। বিএনপি প্রতিহিংসা পরায়ণ না হয়ে জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটুক তা চায়।
নোমান বলেন, বিএনপি সকল দলের অংশগ্রহণে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায়। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সবার অংশগ্রহণে নির্বাচন হতেই হবে। তবে সে নির্বাচন নিরপেক্ষ নির্বাচন কমিশন ও সরকারের অধীনে হতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় জন্য আজীবন লড়াই করে গেছেন হান্নান শাহ। তিনি গণ মানুষের নেতা তাই তাঁর মৃত্যুকে শহীদ বলা যেতে পারে।
আয়োজক সংগঠনের উপদেষ্টা মেজর (অব.) মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ।

Be the first to comment on "বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন করতে দেয়া হয়নি: নোমান"