শিরোনাম

বিদ্রোহীদের আলেপ্পো ছেড়ে যেতে বলেছে সিরীয় বাহিনী

নিউজ ডেস্ক : কয়েকদিন ধরে ব্যাপক বিমান হামলা চালানোর পর এবার আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশের দিকে অগ্রসর হচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী ও তাদের মিত্র বেসামরিক বাহিনীগুলো।
এ পর্যায়ে রোববার বিদ্রোহীদের তাদের অবস্থান ছেড়ে চলে যেতে বলেছে সিরীয় সেনাবাহিনী। এতে রাজি হলে বিদ্রোহীদের যাওয়ার নিরাপদ রাস্তা ও ত্রাণ দেওয়ারও প্রস্তাব দিয়েছে সিরীয় বাহিনী।
গেল মাসে একটি যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর থেকে ইরান সমর্থিত বেসামরিক বাহিনী ও রুশ বিমান শক্তির সহায়তায় আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশগুলো ‍মুক্ত করতে অভিযান শুরু করে সিরীয় বাহিনীগুলো।
আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাংশে সিরীয় সরকার ও মিত্র শক্তির বিমান হামলার পর এবার সেনাবাহিনী ও মিত্র বেসামরিক বাহিনীগুলো স্থল অভিযান জোরদার করেছে।
সেনাবাহিনী ও সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শহরটির উত্তরাংশের হ্যান্ডারাত শরণার্থী শিবির থেকে সেনাবাহিনী ও মিত্র বাহিনী দক্ষিণ দিকে অগ্রসর হয়ে কিন্ডি হাসপাতাল ও শুকায়িফ শিল্প এলাকার কিছু অংশের নিয়ন্ত্রণ নিয়েছে।
আলেপ্পো-ভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী ফাস্তাকিমের জাকারিয়া মালাহিফজি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শুকায়িফ শিল্প এলাকায় বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ হয়েছে।
অবজারভেটরি জানিয়েছে, রোববার বিমান হামলার পাশাপাশি সরকারি বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশ লক্ষ্য করে গোলাবর্ষণও করে এবং শহরের বিভক্তি রেখা বরাবর দুপক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই চলছে।
সেনাবাহিনী জানিয়েছে, নিরাপদ রাস্তা ও ত্রাণ সরবরাহের বিনিময়ে পূর্ব আলেপ্পো ছেড়ে দেওয়া উচিত বিদ্রোহীদের।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএএনএ’র মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, “সেনাবাহিনীর হাই কমান্ড আলেপ্পোর পূর্বাংশের সব সশস্ত্র যোদ্ধাদের ওই আবাসিক এলাকাটি থেকে চলে গিয়ে বেসামরিক বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপন করতে দেওয়ার আহ্বান জানিয়েছে।”
প্রধান সরবরাহ পথ কাস্টেলো সড়ক জুলাইতে হাতছাড়া হওয়ার পর থেকে বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব আলেপ্পো সরকারি বাহিনীর অবরোধের মুখে পড়ে।

basic-bank

Be the first to comment on "বিদ্রোহীদের আলেপ্পো ছেড়ে যেতে বলেছে সিরীয় বাহিনী"

Leave a comment

Your email address will not be published.


*