শিরোনাম

বিশ্বব্যাংকের কাছে ক্ষতিপূরণ দাবি ১৪ দলের

নিউজ ডেস্ক : পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ আদালত খারিজ করে দেওয়ার পর এখন এই প্রকল্পের কাজের ক্ষতিপূরণ বাবদ এক বিলিয়ন ডলার মঞ্জুরি হিসেবে দেওয়ার জন্য বিশ্বব্যাংকের কাছে দাবি জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, ‘তিন বছর আগে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বন্ধ করে দেওয়ায় জাতির কাছে আমরা অসম্মানিত হয়েছিলাম, সারা বিশ্বের কাছে ছোট করা হয়েছিল আমাদেরকে। তৎকালীন সময়ে করা অভিযোগ এখন কানাডার আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে। বিশ্বব্যাংকের তৎকালীন সিদ্ধান্তকে নিন্দা জানাই। আমরা এখন তাদের জবাব জানতে চাই। পদ্মা সেতু থেকে মিথ্যা অভিযোগ দিয়ে অর্থায়ন ফিরিয়ে নেওয়ার কারণে কাজের বিলম্বসহ অনেক ক্ষতি হয়েছে। পদ্মায় এই কাজের ক্ষতিপূরণ বাবদ এক বিলিয়ন ডলার মঞ্জুরি হিসেবে আমাদের দিতে হবে।’
নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূস পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগের মূল হোতা দাবি করে নাসিম বলেন, ‘পদ্মা সেতুসহ দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রের নাটের গুরু ড. ইউনূস। তিনি বিভিন্ন সময় আন্তর্জাতিক প্রভাব খাটিয়ে, লবিস্ট নিয়োগ করেদেশের স্বার্থবিরোধী কাজ করেছেন। একইভাবে পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছেন। পদ্মা সেতুর কাজ প্রতিহত করার জন্যই তিনি কাজ করে গেছেন। তাই ইউনূসসহ ষড়যন্ত্রকারীদের জাতীয় সংসদে হাজির করতে হবে। এর জন্য আমি স্পিকারকে অনুরোধ জানাব।’
সাবেক রাষ্ট্রপতি বিকল্প ধারার সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর দাবি অনুযায়ী পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে তৎকালীন সময়ে অভিযুক্তদের স্ব-পদে ফিরিয়ে নেওয়ার বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ১৪ দলের মুখপাত্র বলেন, ‘এই প্রস্তাবের জন্য ওনাকে ধন্যবাদ।’
মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা প্রমুখ।

basic-bank

Be the first to comment on "বিশ্বব্যাংকের কাছে ক্ষতিপূরণ দাবি ১৪ দলের"

Leave a comment

Your email address will not be published.


*