নিউজ ডেস্ক : আদালতের রায়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর ও সচিব পদ থেকে অজয় শিরকেকে বহিষ্কার করা হয়েছে। এরপর থেকেই গুঞ্জন চলছিল বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই ক্রিকেট বোর্ডের সভাপতি পদে বসতে যাচ্ছেন ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। তবে এই খবর গাঙ্গুলী নিজেই উড়িয়ে দিলেন।
গাঙ্গুলী জানান, তিনি এই পদের জন্য যোগ্য নন। তিনি বলেন, ‘অপ্রত্যাশিতভাবেই আমার নাম আসছে এখানে। এ পদের জন্য আমি যোগ্য নই। ক্রিকেট অ্যাসোসিয়েসন অব বেঙ্গলের হয়ে আমি মাত্র এক বছর পার করেছি। আরও দুই বছর বাকি রয়েছে আমার এখানে। বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে আমি নেই।’
সোমবার (০২ জানুয়ারি) ভারতের সুপ্রিম কোর্টের এক আদেশে অনুরাগ ঠাকুরকে সরিয়ে দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। তার সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে বোর্ডের সেক্রেটারি অজয় শিরকেকেও। আদালতের এ আদেশের পর থেকে ক্রিকেট মহলে চাউর ছিল ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীই হচ্ছেন পরবর্তী বোর্ড প্রেসিডেন্ট।
গাঙ্গুলীর প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা উসকে দিয়েছেলেন সুনীল গাভাস্কার। তিনি বলেছিলেন আপৎকালীন সময়ে সৌরভই পারেন বোর্ডের হাল ধরে ভাবমূর্তি ফিরিয়ে আনতে। গাভাস্কারের এ মন্তব্যই গাঙ্গুলীর প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়। তবে সকল সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন গাঙ্গুলী।
বিসিসিআইয়ের প্রেসিডেন্টের জন্য আমি যোগ্য নই ॥ গাঙ্গুলী

Be the first to comment on "বিসিসিআইয়ের প্রেসিডেন্টের জন্য আমি যোগ্য নই ॥ গাঙ্গুলী"