শিরোনাম

ভারতে পালিয়েছে নব্য জেএমবি’র ২ নেতা: মনিরুল ইসলাম

নিউজ ডেস্ক : নব্য জেএমবির কমান্ডিং পর্যায়ের ৪ জনকে চিহ্নিত করা হয়েছে, তবে তাদের মধ্যে দু’জন পালিয়ে ভারতে চলে গেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

মনিরুল ইসলাম বলেন, ‘ভারতে নব্য জেএমবির পালিয়ে যাওয়া দুই নেতা হলো খোকন এবং খালিদ। এছাড়া মারজান এবং রাজীব গান্ধী, ওরফে সুভাষ গান্ধী ওরফে গান্ধী দেশেই রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

জেএমবির ৬০ থেকে ৭০ শতাংশ শক্তি খর্ব করা হয়েছে উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, ‘ইতোমধ্যে ৪টি ঘটনায় নব্য জেএমবির কমান্ডিং পর্যায়ের নেতা, সমন্বয়কারী এবং প্রশিক্ষক নিহত হয়েছে। এর মধ্যে কল্যাণপুরের অভিযানে ৪ জন কমান্ডিং পর্যায়ের নেতা, মিরপুরের রূপনগরে প্রশিক্ষক জাহিদুল ইসলাম (মেজর মুরাদ),জঙ্গিদের জন্য বিভিন্ন জায়গায় বাসা ভাড়া করে দেওয়ার সমন্বয়কারী জঙ্গি তানভীর (করিম) এবং মূল সমন্বয়কারী তামিম চৌধুরী নারায়ণগঞ্জে নিহত হয়েছে।’

ডিএমপির অতিরিক্ত কমিশনার আরও বলেন, ‘গুলশান এবং শোলাকিয়া হামলায় জেএমবি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে। এসব হামলায় হুন্ডির মাধ্যমে ১৪ লাখ টাকা এবং ভারতে থেকে অস্ত্র এসেছে। অর্থ যে পাঠিয়েছে তার পরিচয় আমরা পেয়েছি, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে হামলায় ব্যবহৃত অস্ত্রের গায়ে প্রস্তুতকারী দেশের নাম না থাকায়, তা কোন দেশের অস্ত্র বলা যাচ্ছে না। তবে নিশ্চিত হওয়া গেছে যে, এসব অস্ত্র ভারত হয়েই এসেছে।’

আজিমপুরের তিন নারী জঙ্গির পরিচয় পাওয়া গেছে জানিয়ে মনিরুল ইসলাম জানান,আজিমপুরের জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা দুই শিশুকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া করিমের কিশোর ছেলেকে রিমান্ডে এনে দক্ষ অফিসারের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

basic-bank

Be the first to comment on "ভারতে পালিয়েছে নব্য জেএমবি’র ২ নেতা: মনিরুল ইসলাম"

Leave a comment

Your email address will not be published.


*