শিরোনাম

মঙ্গলগ্রহে অভিযানক্ষম রোবট উদ্ভাবন করলেন রুয়েট শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১৯ জনের একদল শিক্ষার্থী মঙ্গলগ্রহে সফলভাবে অভিযান চালাতে সক্ষম রোবট উদ্ভাবন করেছেন বলে দাবি করেছেন। উদ্ভাবকদের দাবি, এই রোবট মঙ্গলগ্রহের তাপমাত্রা পরিমাপ, পানির উপস্থিতি বা এর প্রবাহ কিংবা সেখানে কোনো বিষাক্ত গ্যাস আছে কি না তা নির্ণয় করতে সক্ষম হবে।

রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুকিদুর রহমান ও যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী সায়েম মিসকাতের নেতৃত্বে একদল শিক্ষার্থী দীর্ঘদিন গবেষণা চালিয়ে “অগ্রদূত” নামের এই রোবটটি উদ্ভাবন করেন।
উদ্ভাবক মুকিদুর রহমান দাবি করেন, “এই রোবট যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে মঙ্গলগ্রহে অভিযান চালাতে সক্ষম। এতে কিছু সেন্সর ব্যবহার করা হয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে মঙ্গলগ্রহে অভিযান চালিয়ে সেখানকার আবহাওয়ার গতি প্রকৃতি, বিষাক্ত যে কোন গ্যাসের উপস্থিতি নিরূপণ, ভূ-প্রকৃতির গঠন ইত্যাদি সম্পর্কে তথ্যাদি অনুসন্ধান এবং ছবি উত্তোলন করে পৃথিবীতে পাঠাতে সক্ষম হবে। ”

উদ্ভাবক সায়েম মিসকাত জানান, আমেরিকার ইউনির্ভাসিটি অব রোভার চ্যালেঞ্জার্স (ইউআরসি) প্রতিবছর মঙ্গলগ্রহে অভিযান চালাতে সক্ষম যে কোন নতুন ও সৃজনশীল উদ্ভাবনের প্রতিযোগিতা আয়োজন করে থাকে। তাদের উদ্ভাবিত রোবট ‘অগ্রদুত’ এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যে নিবন্ধিত হয়েছে এবং তা প্রর্দশনের আমন্ত্রণ পেয়েছে। প্রয়োজনীয় স্পন্সর পাওয়া গেলে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া হবে বলে তিনি জানান।

জানতে চাইলে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও এই রোবট উদ্ভাবক দলের উপদেষ্টা ড. সজল কুমার দাশ বলেন, “এটার একটা প্রোটোটাইপ তৈরি করা হয়েছে। এর মূল ভার্সন তৈরি করতে আরো অর্থ প্রয়োজন । আর্থিক সহযোগিতা পাওয়া গেলে এটির মূল ভার্সনটি তৈরি করা সম্ভব হবে। ”

আজ রবিবার দুপুরে ‘অগ্রদূত’ নামের নব উদ্ভাবিত এই রোবটের প্রদর্শনীর উদ্বোধন করেন রুয়েট উপাচর্য অধ্যাপক ড. মোহা. রফিকুল আলম বেগ। এই রোবটের প্রদর্শনী দেখতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ভিড় জমায় বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী। সেখানে উপাচার্য বলেন, “মঙ্গলগ্রহে অভিযান চালাতে সক্ষম এই রোবট উদ্ভাবন করে রুয়েট শিক্ষার্থীরা আবারও তাদের সৃজনশীলতা ও সক্ষমতা প্রমাণ করেছে। ”

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের প্রধান অধ্যাপক ড. মো. এমদাদুল হক এবং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও রোবটিক সোসাইটি অব রুয়েটের (আরএসআর) সভাপতি ড. মো. রোকনুজ্জামান।

basic-bank

Be the first to comment on "মঙ্গলগ্রহে অভিযানক্ষম রোবট উদ্ভাবন করলেন রুয়েট শিক্ষার্থীরা"

Leave a comment

Your email address will not be published.


*