নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর আজ শনিবারের প্রথম খেলা অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদের দারুণ ব্যাটিংয়ে লড়াকু স্কোর গড়েছে খুলনা টাইটান্স। এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় খুলনা। রিয়াদের হাফ সেঞ্চুরির সুবাদে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৫৭ রান।
ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে মাহমুদ উল্লাহ রিয়াদের দল। দলীয় ৩ রানেই রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন হাসানুজ্জামান (০)। এরপর অ্যান্ড্রি ফ্লেচার এবং শুভাগত হোম মিলে ইনিংস গড়ার চেষ্টা করলেও বেশিদূর যেতে পারেননি।
প্রথম ধাক্কা সামলে জুটিতে ২০ রান তুলতে না তুলতেই সানজামুল ইসলামের বলে নাসির হোসেনের হাতে ধরা পড়েন ফ্লেচার (২০)। ১৬ বলের ইনিংসটিতে তিনি ১টি চার এবং ১টি ছক্কা হাঁকান। এরপর ৪৪ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন শুভাগত হোম এবং অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ। জুটি জমে উঠতেই প্যাভিলিয়নের পথ ধরেন শুভাগত হোম। ২০ বলে ৪টি বাউন্ডারিতে তিনি করেন ২৪ রান।
শুভাগতর বিদায়ের পর অধিনায়ক রিয়াদ এবং নিকোলাস পুরান মিলে জুটি গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন। ব্যক্তিগত ১৬ রানে ডোয়াইন ব্র্যাভোর বলে সাঙ্গাকারার বিশ্বস্ত হাতে ধরা পড়েন পুরান। উইকেটের একপ্রান্ত আগলে রাখেন মাহমুদ উল্লাহ। ৩৯ বলে ২ চার এবং ৪ ছক্কায় অর্ধশত পুরণ করেন তিনি। শেষ পর্যন্ত ৪৪ বলে ৬২ রান করে মোহাম্মদ শহীদের বলে ডোয়াইন ব্র্যাভোর হাতে ধরা পড়েন রিয়াদ। ততক্ষণে তার ইনিংসে যোগ হয় আরও দুটি চার। দলীয় রানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাইয়েবুর রহমান। ২২ বলে ১ চারে ২১ রান করে অপরাজিত থাকেন তিনি।

Be the first to comment on "মাহমুদ উল্লাহর হাফ সেঞ্চুরিতে লড়াকু স্কোর খুলনার"