শিরোনাম

মীর কাসেমের রিভিউ শুনানি শেষ, আদেশ মঙ্গলবার

নিউজ ডেস্ক : ফাঁসির রায়ের পুনর্বিবেচনা চেয়ে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর রিভিউ আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামী মঙ্গলবার (৩০ আগস্ট) আদেশের দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজর রবিবার (২৮ আগস্ট) প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে শুনানি শেষ হয়। অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও মোহাম্মদ বজলুর রহমান।

সকালে প্রথমে রিভিউ আবেদনের পক্ষে শুনানি শেষ করেন মীর কাসেম আলীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এর আগে গত বুধবার (২৪ আগস্ট) শুনানি শুরু করেছিলেন তিনি।

পরে রাষ্ট্রপক্ষে শুনানি শেষ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সবশেষে রাষ্ট্রপক্ষের বক্তব্যের জবাবে সমাপনী বক্তব্য দেন খন্দকার মাহবুব। এর মধ্য দিয়েই শেষ হয় মীর কাসেম আলীর মামলার চূড়ান্ত বিচারিক প্রক্রিয়া।

এ রিভিউ আবেদন খারিজ হলে সরকারের সিদ্ধান্তে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে শুরু হবে দেশের এই শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকরের চূড়ান্ত প্রক্রিয়া। অবশ্য শেষ আইনি সুযোগ হিসেবে মীর কাসেম আলী তার অপরাধ স্বীকার করে ও ক্ষমা চেয়ে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানাতে পারবেন। সেটি না করা হলে বা প্রাণভিক্ষার আবেদন নাকচ হলে তাকে ফাঁসির দড়িতে ঝোলানোর ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না।

 

basic-bank

Be the first to comment on "মীর কাসেমের রিভিউ শুনানি শেষ, আদেশ মঙ্গলবার"

Leave a comment

Your email address will not be published.


*