শিরোনাম

মেহেরপুরে ছাত্রলীগের চার নেতার কারাদণ্ড

নিউজ ডেস্ক : মেহেরপুরে একটি চাঁদাবাজি মামলায় শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান পোলেনসহ চার ছাত্রলীগ নেতাকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পদক তারিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা মাহফুজ এবং শহিদুল। আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ আদালতের বিচারক মো. ছানাউল্লাহ এ আদেশ দেন। একই সঙ্গে চারজনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মামলায় বাকি তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন শিশির, মামুন ও রকি। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মাহফুজুর রহমান পোলেন বর্তমানে জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর বিকেলে পাবনা জেলা শহরের আবু তালেব নামের এক ওষুধ ব্যবসায়ী মেহেরপুর থেকে ওষুধ কিনে শ্যামলী পরিবহনের একটি গাড়িযোগে বাড়ির যাওয়ার উদ্দেশ্যে বাসস্ট্যান্ডে অবস্থিত শ্যামলী কাউন্টারে যান। এ সময় সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান পোলেনসহ আসামিরা ওই ওষুধ ব্যবসায়ীর নিকট ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তারা ওই ওষুধ ব্যবসায়ীকে মারধর করে তার কাছে থেকে ওষুধ ছিনিয়ে নেন। ওই ঘটনায় ওষুধ ব্যবসায়ী আবু তালেব মেহেরপুর সদর থানায় হাজির হয়ে সাতজনকে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার নথিপত্র ও সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনা করে আদালতের বিচারক মামলার চার আসামির বিরুদ্ধে এ আদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর রুত শোভা মণ্ডল এবং আসামি পক্ষে মিয়াজান আলী ও খন্দকার আব্দুল মতিন আইনজীবীর দায়িত্ব পালন করেন।

basic-bank

Be the first to comment on "মেহেরপুরে ছাত্রলীগের চার নেতার কারাদণ্ড"

Leave a comment

Your email address will not be published.


*