নিউজ ডেস্ক : মেহেরপুরের গাংনীতে পুলিশের সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে তিনজন নিহত হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার পুরাতন মটমুড়া গ্রামে খবির উদ্দিনের ইটভাটার পাশে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত তিনজন ডাকাতদলের সদস্য।
পুলিশ আরো দাবি করে, বন্দুকযুদ্ধে পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এলজি শাটার গান, দুই রাউন্ড তাজা গুলি, দুটি রামদা এবং দুটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, ১০-১২ জনের একদল ডাকাত ডাকাতির চেষ্টায় মটমুড়া গ্রামের খবির উদ্দিনের ইটভাটার নিকট প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে আক্রমণ চালিয়ে পুলিশকে ঘিরে ধরে। পুলিশ তাদের ওপর পাল্টা আক্রমণ শুরু করলে উভয় পক্ষের মধ্যে বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন ডাকাত নিহত হন। আহত হন ছয় পুলিশ সদস্য। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এলজি শাটার গান, দুই রাউন্ড তাজা গুলি, দুটি রামদা এবং দুটি হাতবোমা উদ্ধার করে।
আজ মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহত পুলিশ সদস্যদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Be the first to comment on "মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত ৩"