নিজস্ব প্রতিবেদক: দল পরিচালনায় এরশাদের সাম্প্রতিক সকল সিদ্ধান্ত অগনতান্ত্রিক উল্লেখ করে বিরোধী দলের নেতা রওশনের সংবাদ সম্মেলনের ৪৮ ঘন্টার মধ্যে জবাব দিলেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রবিবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ২১ জন সংসদ সদস্যের উপস্থিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জাপার আসন্ন কাউন্সিল পিছানো এবং পার্টির গঠনতন্ত্র থেকে ৩৯ ধারা বাতিলের দাবি জানিয়ে এরশাদের সহধর্মিনী রওশন বলেন, তার (এরশাদ) অগণতান্ত্রিক সিদ্ধান্তের কারণে দল আজ ছোট হচ্ছে।
সোমবার স্ত্রীর বক্তব্যেও জবাবে এরশাদ বলেন, ‘সোমবার বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত ও প্রচারিত জাতীয় সংসদের বিরোধী দলীয় এবং জাতীয় পার্টির সংসদীয় দলের নেতা রওশন এরশাদের বক্তব্যের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। তাঁর বক্তব্যের প্রেক্ষিতে জাতীয় পার্টির অগণিত নেতাকর্মী এবং দেশবাসীর মধ্যে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে- তার অবসানের লক্ষ্যে আমার বক্তব্য তুলে ধরছি।
প্রথমেই জাতীয় পার্টির সংসদীয় দলের নেতাকে মনে রাখতে হবে যে, সংসদীয় দল পার্টির একটি শাখা মাত্র। এই শাখার দায়িত্ব-পার্টির নীতিমালা অনুসারে শুধুমাত্র সংসদীয় কার্যক্রম পরিচালনা করা। নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত গ্রহণ কিংবা কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা বা পর্যালোচনার ফোরাম হচ্ছে পার্টির প্রেসিডিয়াম। সুতরাং রওশন এরশাদ সংসদীয় দলের নেতা হিসেবে সংবাদ সম্মেলন করে যে বক্তব্য রেখেছেন- এই ফোরামে এটা তার এখতিয়ার বহির্ভূত। তিনি পার্টিকে কারো “একক সম্পতি বা কোনো কোম্পানী নয়”- বলে সংগঠনকে হেয় করেছেন। জাতীয় পার্টি একটি গঠনতন্ত্রের নিয়ন্ত্রনে পরিচালিত এবং নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল। এই গঠনতন্ত্র কোনো বিশেষ ব্যাক্তির আরোপিত বিষয় নয়। এটি জাতীয় পার্টির গণতন্ত্রের দলিল- যা পার্টির প্রতিষ্ঠাকালে জাতীয় কাউন্সিল কর্তৃক অনুমোদিত হয়েছে। এই গঠনতন্ত্রের একটি শব্দও পরিবর্তন করতে হলে জাতীয় কাউন্সিল থেকে অনুমোদন নিতে হয়। এটাই হচ্ছে দলীয় গণতন্ত্রের ধারা।’
এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির কাউন্সিলের তারিখ ঘোষণা একক কোনো সিদ্ধান্ত ছিলনা। নির্বাচন কমিশন থেকে দুই বার সময় নেবার পর এবং তারপর সকলের মতামতের ভিত্তিতে দুইবার তারিখ পরিবর্তনের পর প্রেসিডিয়াম সভায় সিদ্ধান্ত নিয়ে জাতীয় কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছে। সেই অনুযায়ী ভেন্যু ভাড়া করা হয়েছে, প্রচার-প্রচারণা চালানো হয়েছে, ঢাকাস্থ বিদেশী মিশনসমূহে পত্র দিয়ে দাওয়াতও দেয়া হয়েছে। এমতাবস্থায় ১৪ মে অনুষ্ঠিতব্য জাতীয় পার্টির কাউন্সিলের তারিখ পরিবর্তনের কোনো সুযোগ নেই।
আগামী ১৪ মে ২০১৬ শনিবার, রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। নির্দিষ্ট তারিখে সংশ্লিষ্ট সবাইকে সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানান এরশাদ।

Be the first to comment on "রওশন পার্টিকে হেয় করেছেন: এরশাদ"