শিরোনাম

রাজধানীতে ৬ জনের অস্বাভাবিক মৃত্যু

নিউজ ডেস্ক : রাজধানীতে পৃথক পৃথক ঘটনায় ছয় জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে খিলগাঁও, ক্যান্টনমেন্ট ও পল্লবীতে পারিবারিক কলহের জেরে তিন নারী আত্মহত্যা করেছেন। আর বনশ্রীর নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছে এক ব্যক্তির অর্ধগলিত লাশ, পল্লবীতে দুর্ঘটনায় নিহত হয়েছেন এক ব্যক্তি এবং বিষপানে মারা গেছে এক স্কুলছাত্র। তাছাড়া দারুসসালাম থানা পুলিশ এক নারীর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে। সংশ্লিষ্ট থানাগুলোর দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা এসব অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ডিওএইচএসের ২৭ নম্বর রোডের ৪২২ নম্বর বাড়ির বাসিন্দা ফরহাদ হোসেনের স্ত্রী সোনিয়া জাহান (২৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছে পুলিশ। ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে সোনিয়া জাহান মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ রুমে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। বিষয়টি বুঝতে পেরে ফরহাদ হোসেনসহ পরিবারের অন্য সদস্যরা তাকে দ্রুত গুলশান ইউনাইটেড হাসপাতালে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোনিয়া জাহান।
রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী জি ব্লকের ১১১ নম্বর বাড়ির বাসিন্দা সিরাজুল ইসলামের স্ত্রী তুহিন আফরোজ মান্না মঙ্গলবার বিকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার ভাগনে মুক্তাদির জানান, স্বামী সিরাজুলের সঙ্গে অন্য নারীর প্রেমের সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন মান্না। এ নিয়ে সিরাজুল-মান্না দম্পতির মধ্যে কলহ লেগে থাকত। এর জের ধরেই মঙ্গলবার দুপুরের পর মান্না নিজ রুমে ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস দেন। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, রামপুরা থানার মালিবাগ চৌধুরীপাড়ায় বাসার দরজা ভেঙে ভেতর থেকে পুলিশ শাহিনুর রহমান (৩২) নামে এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে। রামপুরা থানার এসআই হুমায়ুন কবির বলেন, ‘শাহিনুর ইসলাম ওই বাসায় একা থাকতেন। তার মা এবং ছোটবোন আমেরিকায় থাকেন। গত শুক্রবার বোন বেলি আক্তারের সঙ্গে শেষ কথা হয় শাহিনুরের। এরপর আর তাকে ফোনে পাওয়া যায়নি। পরে মঙ্গলবার দুপুরে এক স্বজনের খবর দিলে রামপুরা থানা পুলিশ গিয়ে বাসার দরজা ভেঙে ভেতর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। ’ শাহিনুর হৃদরোগে আক্রান্ত ছিলেন বলে জানান তার মামা হুমায়ুন মীর। যে কারণে হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পল্লবী থানা সূত্রে জানা গেছে, পল্লবী থানার মিরপুর ৭ নম্বরে রাস্তার কাজে নিয়োজিত বুলডোজারের ধাক্কায় সালেহ আহমেদ রতন (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পল্লবী থানার এসআই ফারুকুজ্জামান বলেন, ‘মিরপুর ৭ নম্বরে রাস্তার পাশে মেট্টোরেলের কাজ চলছে। মঙ্গলবার দুপুরে সালেহ আহমেদ গার্মেন্টস থেকে বের হয়ে বাসায় ফেরার সময় ওই কাজে নিয়োজিত বুলডোজারের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ’ পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।
রাজধানীর পল্লবীতেই বিষপানের একদিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতাল মারা গেছে এক স্কুলছাত্র। তার নাম শুভ আহমেদ (১৭)। পল্লবী থানার এসআই ফারুকুজ্জামান জানান, রবিবার বিকালে শুভ বিষপান করেন। তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান শুভ।
দারুসসালাম থানা সূত্রে জানা গেছে, পুলিশ মঙ্গলবার বিকালে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে। দারুসসালাম থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, গাবতলী বালুরমাঠ থেকে মঙ্গলবার বিকালে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তিনি ভবঘুরে ছিলেন বলে ধারণা করছে পুলিশ।

basic-bank

Be the first to comment on "রাজধানীতে ৬ জনের অস্বাভাবিক মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*