শিরোনাম

রাজধানীর টিকাটুলিতে বাস উল্টে ব্যাংক কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক : রাজধানীর টিকাটুলিতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় এক ব্যাংক কর্মকর্তা নিহত ও তিনজন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে টিকাটুলির ইত্তেফাক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যাংক কর্মকর্তার নাম গোলাম হোসেন (৪৫)। তিনি বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক। আহতরা হলেন জালালউদ্দিন (৫৬), সুজন (২৮) এবং শাহিদা বেগম (৪৫)। এদের মধ্যে জালালউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশের ওয়ারি বিভাগের উপ কমিশনার মো. ফরিদ উদ্দিন জানান, সকাল ৮টার দিকে গাবতলী-সায়েদাবাদগামী আট নম্বর পরিবহনের একটি বাস ইত্তেফাক মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে পড়ে। এ সময় বাসটি উল্টে যায়। এ ঘটনায় চারজন আহত হন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ব্যাংক কর্মকর্তা গোলাম হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে জালালউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

basic-bank

Be the first to comment on "রাজধানীর টিকাটুলিতে বাস উল্টে ব্যাংক কর্মকর্তা নিহত"

Leave a comment

Your email address will not be published.


*