নিউজ ডেস্ক : রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে সরকার যা করছে তাকে ‘রাষ্ট্রবিরোধী’ কাজ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, ক্ষমতা ছাড়লে আওয়ামী লীগকে এর জন্য জবাবদিহি করতে হবে।
শনিবার রাতে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় খালেদা জিয়া এসব কথা বলেন। খালেদার গুলশান কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
রামপাল বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে ওঠা বিভিন্ন অভিযোগ ও সমালোচনার জবাব দিতে শনিবার বিকালে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচিত এই বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবন বা পরিবেশের কোনো ক্ষতি হবে না বলে দাবি করেন প্রধানমন্ত্রী। এর সপক্ষে তিনি বিভিন্ন যুক্তি তুলে ধরেন। সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপিসহ বিরোধীরা রামপালের বিরোধিতা করছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যকে চ্যালেঞ্জ করেন বিএনপি নেত্রী। তিনি দাবি করেন, বিএনপির ব্যাপারে প্রধানমন্ত্রী অসত্য বলেছেন।
খালেদা জিয়া বলেন, ‘আমরাও বিদ্যুৎকেন্দ্রের পক্ষে। তবে তা সুন্দরবনের পাশে হওয়ার বিপক্ষে।’ সুন্দরবনকে রক্ষার স্বার্থেই বিএনপি এই বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করছে বলেও জানান সাবেক এই প্রধানমন্ত্রী।
এইবেলা ডটকম/এসবিএস

Be the first to comment on "রামপাল বিদ্যুৎকেন্দ্র রাষ্ট্রবিরোধী: খালেদা"