নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে আজ বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার (অনিবাসি) চ্যান হেঙ্গ উইঙ্গ।
রাষ্ট্রপতির সাথে বৈঠককালে সিঙ্গাপুরের বিদায়ী হাইকমিশনার বলেন, তিনি বাংলাদেশে তার দায়িত্ব পালনের বিষয়টি উপভোগ করেছেন এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরও বাড়বে।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
বাংলাদেশে দায়িত্ব পালনকালে দু’দেশের মধ্যে সম্পর্ক জোরদারে অবদান রাখার জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদ বিদায়ী হাইকমিশনারকে ধন্যবাদ জানান।
বাংলাদেশে উৎপাদিত মানসম্মত ফার্মাসিউটিক্যালস, চামড়াজাত পণ্য ও তৈরি পোশাকের বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে সিঙ্গাপুর আরও অধিক পরিমাণে এসব সামগ্রী আমদানির বিষয়টি বিবেচনা করতে পারে।
বাংলাদেশে বিদ্যুৎ, জ্বালানি, টেলিযোগাযোগ এবং কৃষি ভিত্তিক শিল্পে বিনিয়োগ করার জন্য তিনি সিঙ্গাপুর সরকারকে অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি বাংলাদেশের বিদ্যুৎ, সঞ্চালন, নবায়নযোগ্য জ্বালানি এবং অবকাঠামো খাতে সিঙ্গাপুরের বিনিয়োগ এবং বাংলাদেশিদের নিয়োগ, বিশেষত সে দেশের আতিথেয়তা ও অন্যান্য সেবা খাতে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের বিষয়টি বিবেচনার আহবান জানান।
রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কে তাঁর সন্তোষ প্রকাশ করেন। বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিদায়ী হাইকমিশনার বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহযোগিতা করার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
এ সময় ঢাকায় সিঙ্গাপুর কনস্যুলেটের কনসাল (হেড অব মিশন) ডেরেল লিউ, সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-পরিচালক ইউলিয়াম চিক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মঞ্জুরুল করিম খান চৌধুরী এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিববৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

Be the first to comment on "রাষ্ট্রপতির সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ"