শিরোনাম

রায় অমান্য করলে জনগণ প্রতিহত করবে : কাদের

নিউজ ডেস্ক : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আদালতের রায় জনগণ অমান্য করবে না, বিএনপি যদি অমান্য করে তাহলে জনগণ তাদের প্রতিহত করবে।
শুক্রবার দুপুরে রাজশাহী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন শেষে ‘খালেদা জিয়াকে সাজা দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ করা হলে ভোটও হবে না’ বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বুধবার যে হুঁশিয়ারি দিয়েছেন তার প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘নির্বাচন প্রতিহত করার মতো কোনো ক্ষমতা বিএনপির নেই। তারা ২০১৪ সালের ৫ জানুয়ারি পারেনি, আগামীতেও পারবে না।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন নেতা উৎপাদানের বড় কারখানায় পরিণত হয়েছে। এজন্য সব সেক্টরে কর্মীর সংখ্যা কমেছে, নেতার দাপট বাড়ছে। তাই এখন কর্মী উৎপাদনের কারখানা গড়ে তোলা দরকার।’
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তখন তিনি বলেন, ‘দেশ ডিজিটাল হয়েছে। নেতাকর্মীদের উদ্দেশে বলব- কাজে-কর্মে স্মার্ট হতে হবে। ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে নিজেদের এগিয়ে নিতে হবে। তবে আচার ব্যবহারে ডিজিটাল হতে বলব না। সেটা এনালগ থাকাই ভালো। ছোটদের স্নেহ, বড়দের শ্রদ্ধা, শালীনতা বজায় রাখা- এগুলো এনালগ আচার-ব্যবহার।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন নেতা উৎপাদনের বিরাট কারখানা। পাতি নেতা, সিকি নেতা- হরেক রকমের নেতা। তাদের ছবি দেখি বিলবোর্ডে। সামনে দেখলে চিনতে পারি না। বিলবোর্ডে সবাই নায়ক হয়ে যায়! এরা নিজেদের প্রচারণায় শেখ হাসিনাকে ব্যবহার করে, ওবায়দুল কাদেরকে ব্যবহার করে। এসব নেতা থেকে সাবধান। দেশকে কর্মী উৎপাদনের কারখানা করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, একসেস টু ইনফরমেশন প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা এবং রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহা. হবিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মুনির হোসেন। বিভাগীয় কমিশনারের কার্যালয়ই এই মেলার আয়োজন করেছে। মেলায় রাজশাহী বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৬৫টি স্টল রয়েছে। তিন দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

basic-bank

Be the first to comment on "রায় অমান্য করলে জনগণ প্রতিহত করবে : কাদের"

Leave a comment

Your email address will not be published.


*