নিউজ ডেস্ক : গাজীপুরে রেললাইনের পাশ থেকে মালয়েশিয়া থেকে আসা এক প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মালয়েশিয়া থেকে ফিরে ট্রেনে সিরাজগঞ্জে গ্রামের বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে ট্রেন থেকে ফেলে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ।
নিহত প্রবাসী সফিকুল ইসলামের (৩৫) বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার মাজুআইল গ্রামে।
টঙ্গী রেলওয়ে থানা পুলিশের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন জানান, ধারণা করা হচ্ছে মালপত্র ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়া হয় সফিকুল ইসলামকে। মঙ্গলবার সকালে এলাকাবাসী গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকায় রেললাইনের পাশে ট্রেনে আংশিক কাটা মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। লাশের একটু দূর থেকে একটি ব্যাগও উদ্ধার করে পুলিশ। ওই ব্যাগ থেকে পুলিশ সফিকুল ইসলাম ও তার মালয়েশীয় স্ত্রী সিতি হাজার বিনতি নামের দুজনের পাসপোর্ট উদ্ধার করে। পাসপোর্টে থাকা মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করে সফিকুলের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
স্বজনদের সূত্রে দেলোয়ার হোসেন জানান, নিহত সফিক ১০ বছর ধরে মালয়েশিয়া ছিলেন। সেখানেই তিনি বিয়ে করেন। সোমবার তিনি দেশে ফিরেন। শাহজালাল বিমানবন্দরে নেমে বিমানবন্দর স্টেশন থেকে ট্রেনে চেপে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। মঙ্গলবার সকালে তার লাশ পাওয়া যায়।
নিহত শফিকুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
Be the first to comment on "রেললাইনের পাশ থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার"