নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক শফিক রেহমানকে রিমান্ডে নেয়ার ঘটনা অমানবিক বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার বেলা ২টায় রাজধানীর ইস্কাটনে শফিক রেহমানের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। তিনি শফিক রেহমানের মামলা প্রত্যাহার ও রিমান্ড বাতিল করে অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেন।
ফখরুল বলেন, অন্যায়ের বিরুদ্ধে লেখার কারণেই সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট শফিক রেহমানকে সরকার গ্রেফতার করেছে। যারাই এ সরকারের বিরুদ্ধে ভিন্নমত পোষণ করছে, তাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। আর তারাই সরকারের জুলুম-নির্যাতনের শিকার হচ্ছেন। মির্জা ফখরুল বাসায় গেলে শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান তার স্বামীকে গ্রেফতারের ঘটনা বর্ণনা করেন। এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির সিনিয়র নেতা আব্দুল্লাহ আল নোমান, আব্দুল আউয়াল মিন্টু, আবদুস সালাম, জি-৯ এর সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন সায়ান্ত, সদস্য রুমিন ফারহানা প্রমুখ।

Be the first to comment on "শফিক রেহমানের রিমান্ড অমানবিক: ফখরুল"