নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র ও ছাত্রলীগের গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ থেকে ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়।
মৃত আব্দুল হাকিম শিমুলের ভাই মো. আজাদ বিষয়টি জানান।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পৌর মেয়র হালিমুল হক মিরুর ছোট ভাই পিন্টু শাহজাদপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি বিজয়কে মারধর করেন। এ ঘটনায় মেয়রের বাসা থেকে পুলিশ পিন্টুকে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে, বিজয়কে মারধরের ঘটনার প্রতিবাদে বিকেলে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে মেয়রের বাসায় হামলা চালান।
একপর্যায়ে মেয়রের বাসা থেকে গুলি ছোড়া হলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলসহ তিন সংবাদকর্মী গুলিবিদ্ধ হন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

Be the first to comment on "শাহজাদপুরে সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিক শিমুলের মৃত্যু"