নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মজমপুর উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে রাজি না হওয়ায় ৭ম শ্রেণির ১২ ছাত্র-ছাত্রীকে বেত্রাঘাত করা হয়েছে। বেত্রাঘাতে আহত ছাত্র-ছাত্রীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। খবর পেয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী অফিসারসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক হাবিব উল্ল্যাহ (৫৬)কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার। ঘটনাটি ঘটেছে দুপুর ১টায়।
জানা গেছে, মজমপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক হাবিব উল্ল্যাহ’র কাছে প্রাইভেট পড়তে রাজি না হওয়ায় ৭ম শ্রেণির ১২ ছাত্র-ছাত্রীকে ক্ষিপ্ত হয়ে ঐ শিক্ষক বেত্রাঘাত করে। পরে ছাত্র-ছাত্রীরা আহত হয়ে পড়লে বিদ্যালয়ের অন্যান্য ছাত্র-ছাত্রী, শিক্ষক, এলাকাবাসী, অভিভাবকরা ওই শিক্ষককে একটি কক্ষে অবরুদ্ধ করে স্কুল মাঠে বিক্ষোভ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞা, সোনারগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আবু তালেব ও সোনারগাঁও থানার ওসি তদন্ত হারুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে অভিযুক্ত শিক্ষক হাবিব উল্ল্যাহকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। বেত্রাঘাতে আহত ছাত্র-ছাত্রীরা হলো- বৃষ্টি, ইরিন, সাদিয়া, নাজনীন, কাজী রাত্রী, তানজিলা, তানিয়া, সানজিদা, ওমর ফারুক, সামিয়া, সুবর্ণা ও সানিয়া।
মজমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জানান, ইংরেজী শিক্ষক হাবিব উল্ল্যাহ ভূ্ইঁয়ার কাছে প্রাইভেট পড়তে রাজি না হওয়ায় ৭ম শ্রেণীর ১১-১২ ছাত্র-ছাত্রীকে ঐ শিক্ষক বেত্রাঘাত করেছে। এতে তারা আহত হয়। আহতদেরকে বিদ্যালয় ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনার পর পর ঐ শিক্ষককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। এ ঘটনায় আমি নিজেই বাদী হয়ে ঐ শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।
সানারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞা ঘটনাটি স্বীকার করে জানান, ঘটনাটি অমানবিক। এ ঘটনায় দু’জন ছাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালেও ভর্তি করা হয়েছে। ঐ শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাছাড়া ঐ শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ জানায়, অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Dokkhojonok,