নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের পাশে জঙ্গি হামলার ঘটনায় আটক সন্দেহজনক ৫ জনের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে আসামীপক্ষে এ্যাডভোকেট কামরুল ইসলাম বাবু ও এ্যাডভোকেট ইফতেখার হোসেন পাভেল জামিনের আবেদন করলে কিশোরগঞ্জ ১ নম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুস সালাম খান এ আদেশ দেন। এ নিয়ে ৫৪ ধারায় গ্রেফতারের পর দ্বিতীয়বারের মতো আদালত আসামীদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন। এ সময় আসামীদের আদালতে হাজির করা হয়নি।
গ্রেফতারকৃত আসামীরা হলেন-জেলার বাজিতপুরের ডুইয়ারগাঁও এলাকার সামছ উদ্দিনের ছেলে সোহেল মিয়া (২০), কিশোরগঞ্জ সদরের শোলাকিয়া এলাকার মোশারফ হোসেনের ছেলে মামুনুর রশীদ মামুন (২৫), তারাপাশা এলাকার আরিফুল ইসলাম হাসিব, একই এলাকার আব্দুল হাইয়ের ছেলে আহসান উল্লাহ (২৪) ও জেলার ভৈরবের পঞ্চবটি এলাকার তারা মিয়া (৫২)।
উল্লেখ্য, শোলাকিয়ায় জঙ্গি হামলার পর আশপাশের এলাকা থেকে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ তাদের আটক করে। পরে গত ১০ জুলাই তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পরদিন শুনানির পর আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

Be the first to comment on "শোলাকিয়া হামলায় আটক ৫ জনের জামিন ফের নামঞ্জুর"