শিরোনাম

শ্রীলঙ্কাতেই বাংলাদেশের শততম টেস্ট!

নিউজ ডেস্ক : টেস্ট মর্যাদা পাওয়ার পর ১৬ থেকে ১৭তম বছরে পা দিয়েছে বাংলাদেশের ক্রিকেট। যে কেউ শুনলে অবাক হবে যে, এখনও পর্যন্ত ১০০ টেস্ট খেলতে পারেনি টিম টাইগার! ১৬ বছর পর ভারত সফরে গিয়েছে শুনে অবাক হয়েছিলেন খোদ ভারত দলপতি কোহলি। বলেছিলেন, বাংলাদেশকে বেশি বেশি টেস্ট খেলতে দিতে হবে। গত বছরে মাত্র ২টি টেস্ট খেলা বাংলাদেশের চলতি বছরে বেশ কয়েকটি টেস্ট খেলার কথা রয়েছে। তবে ঐতিহাসিক শততম টেস্টটি হবে এবারের শ্রীলঙ্কা সফরেই।

আগামী ৭ মার্চ গল টেস্টের মাধ্যমে শুরু হতে যাচ্ছে টাইগারদের লংকা অভিযান। কলম্বোর পি সারা ওভালে ১৫ মার্চ থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। উপমহাদেশের কেবল এই মাঠেই পা পড়েছিল ক্রিকেট কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের। ইতিহাসের অংশ হয়ে থাকা এই মাঠেই বাংলাদেশ উদযাপন করবে টেস্ট ম্যাচের সেঞ্চুরি। কলম্বো টেস্টই হতে যাচ্ছে বাংলাদেশের শততম টেস্ট।

নিউজিল্যন্ডের কাছে টানা দুই টেস্ট হারার পর ভারত সফরে গিয়ে বেশ ফাইট দিয়েই হেরেছে বাংলাদেশ। যেটুকু খারাপ হয়েছে তা টেস্ট খেলার অনভিজ্ঞতার কারণে বলে মনে করছেন বিশ্লেষকরা। দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয়ে শ্রীলঙ্কার টেস্ট দল এখন বেশ নড়বড়ে। সেক্ষেত্রে ঐতিহাসিক টেস্টটি নিশ্চয়ই স্মরণীয় করে রাখতে চাইবে বাংলাদেশ।

পূর্নাঙ্গ সিরিজ শুরু হওয়ার আগে ২-৩ মার্চ অনুষ্ঠিত হবে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ। সেই প্রস্তুতি ম্যাচের ভেন্যুটিও যথেষ্ট তাৎপর্য বহন করে। কারণ এই মোরাতুয়াতেই ১৯৮৬ সালে বাংলাদেশ খেলেছিল নিজেদের প্রথম ওয়ানডে। আগামী ২০ তারিখ দল ঘোষণার কথা রয়েছে বাংলাদেশের। ২৪ তারিখ থেকে ক্যাম্প শুরু এবং ২৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশ্য উড়াল দেওয়ার কথা রয়েছে টাইগারদের।

basic-bank

Be the first to comment on "শ্রীলঙ্কাতেই বাংলাদেশের শততম টেস্ট!"

Leave a comment

Your email address will not be published.


*