নিউজ ডেস্ক: ইসলাম সন্ত্রাসবাদ সমর্থন করে না। সন্ত্রাস, গুম, খুন, দুর্নীতি ইসলামে নেই। যারা সন্ত্রাসবাদী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সন্ত্রাস জঙ্গিবাদ দমনের নামে নিরীহ মানুষকে হয়রানিও ইসলামে নেই।
শুক্রবার জুমার নামাজ শেষে আন্দরকিল্লা শাহি জামে মসজিদ গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশে হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী এসব কথা বলেন।
সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদ এবং সর্বস্তরে ইসলামী শিক্ষা চালুর দাবিতে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।জুমার নামাজের পর শুরু হওয়া মিছিলটি মোমিন রোড হয়ে প্রেসক্লাবে এসে শেষ হয়।
সমাবেশে বাবুনগরী বলেন, খুতবার উৎস কোরআন হাদিস। তাই খুতবা নিয়ন্ত্রণ করলে ইসলাম নিয়ন্ত্রণ করা হয়। তৌহিদি জনতা বুকের তাজা রক্ত দিয়ে খুতবা নিয়ন্ত্রণ প্রতিহত করবে।
প্রধানমন্ত্রীর ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ায় স্বাগত জানিয়ে তিনি বলেন, নাস্তিক শিক্ষামন্ত্রী দিয়ে এ কাজটি সফল হবে না। নতুন শিক্ষানীতি বাতিল করতে হবে।
এসময় বক্তব্য রাখেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা রুহী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, দক্ষিণ জেলা সভাপতি সরোয়ার কামাল আজিজি, মাওলানা আ ন ম আহমদুল্লাহ, কুতুব উদ্দিন, আবদুল্লাহ খান, রাকিবুল আলম, আনোয়ার হোছেন রাব্বানী, মাওলানা ইদ্রিস, মো. ওসমান, ইকবাল জলিল প্রমুখ।

Be the first to comment on "সন্ত্রাস-দুর্নীতি ইসলামে নেই : বাবুনগরী"