শিরোনাম

সরকারের একটি মাত্র লক্ষ্য ক্ষমতায় টিকে থাকা : ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের একটি মাত্র লক্ষ্য, যেভাবেই হোক ক্ষমতায় টিকে থাকতে হবে। তাই যারাই বাকস্বাধীনতার কথা বলছেন, মুক্ত চিন্তার কথা বলছেন তাদেরকে ধরে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে।’

রাজধানীর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে মঙ্গলবার দুপুর আয়োজিত এক প্রতিবাদ সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সাংবাদিক শফিক রেহমানের মুক্তির দাবিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এ প্রতিবাদ সভায় আয়োজন করে।

মির্জা ফখরুল তার নিজের বিরুদ্ধে ৮৬টি মামলা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে প্রায় ১২টি মামলা কথা উল্লেখ করে বলেন, ‘আজকে যারা সরকারে মঈন উদ্দিন-ফখরুদ্দীনের আমলে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো তারা সব প্রত্যাহার করে নিয়েছেন। অথচ খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলো চালিয়ে নেওয়া হচ্ছে। আজকে এই সরকারের মন্ত্রীরা হাইকোর্ট, সুপ্রীমকোর্টে অভিযুক্ত হয়ে পার পেয়ে গেছেন এবং যার সাজা হয়েছে তিনি এখনও মন্ত্রীত্ব করছেন। এই একটা নৈতিক অবস্থার মধ্যে আমরা আছি।’

ফখরুল বলেন, ‘সাংবাদিক শফিক রেহমানকে অন্যায়ভাবে, বেআইনীভাবে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেফতার করা হয়েছে। তাকে ৫ দিন রিমান্ডে নেওয়া হয়েছে। সাংবাদিক মাহমুদুর রহমানকে যখন জেলে নেওয়া হয়, তিন বছরে সাজা দেওয়া হয় তখন অনেকে চুপ করে থাকেন। মাহফুজ আনামের বিরুদ্ধে যখন মামলা দেও্রয়া হয় তখন কেউ কেউ মুখ খুলতে শুরু করেন, কিন্তু আজকে তা-ও করতে পারছেন না’ যোগ করেন তিনি। এ সময় তিনি শফিক রেহমান, মাহমুদুর রহমান, শওকত মাহমুদসহ সকল সাংবাদিকদের মুক্তির দাবি জানান।

জাগপার সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মোস্তাফা জামাল হায়দার, এনডিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগগা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ।

basic-bank

Be the first to comment on "সরকারের একটি মাত্র লক্ষ্য ক্ষমতায় টিকে থাকা : ফখরুল"

Leave a comment

Your email address will not be published.


*