শিরোনাম

সাঁওতাল পল্লীতে আগুন ॥ গাইবান্ধার এসপিকে প্রত্যাহারে হাইকোর্টে নির্দেশ

নিউজ ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গাইবান্ধার এসপি আসরাফুল ইসলামকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

 

মঙ্গলবার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের ওপর শুনানী শেষে বিচারপতি ওবায়েদুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

 

একইসঙ্গে ওইদিন গোবিন্দগঞ্জের চাঁমগাড়ি এলাকায় দায়িত্বরত সকল পুলিশ সদস্যকেও প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

 

সাঁওতাল পল্লীতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছেন আদালত। আগামী ৪ সপ্তাহের মধ্যে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা আদলতে জানাতে বলা হয়েছে।

 

এর আগে গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে অগ্নিসংযোগের ঘটনায় গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়। এক সপ্তাহ আগে আদালতে প্রতিবেদন জমা হয়। সেই প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে ডিবির একজন সদস্যসহ তিন পুলিশ সদস্য জড়িত। কিন্তু তারা ওই সময় হেলমেট পরা অবস্থায় ছিলেন। এ কারণে তাদের নাম ও পরিচয় জানা যায়নি। ওই ঘটনায় দূর থেকে ভিডিও করা হয়েছে বলে ভিডিওতেও তাদের স্পষ্টভাবে চিহ্নিত করা যায়নি।

 

উল্লেখ্য, গত বছরের ৬ নবেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীর চিনিকল কর্তৃপক্ষ জমি দখলে নিতে গিয়ে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এই ঘটনায় গোলাগুলিতে তিন সাঁওতাল পুরুষ নিহত ও অন্তত ৩০ জন আহত হন। সাঁওতাল পল্লীতে হামলার ঘটনায় বিভিন্ন সময়ে আইন ও সালিশ কেন্দ্র এবং সাঁওতালরা হাইকোর্টে তিনটি পৃথক রিট আবেদন করে।

basic-bank

Be the first to comment on "সাঁওতাল পল্লীতে আগুন ॥ গাইবান্ধার এসপিকে প্রত্যাহারে হাইকোর্টে নির্দেশ"

Leave a comment

Your email address will not be published.


*