শিরোনাম

সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার অধিকতর তদন্ত দাবি

নিউজ ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার অধিকতর তদন্ত দাবি করেছে সাংবাদিক সমাজ। তাঁরা বলেছেন, দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টিকারী এ ঘটনার পরিকল্পনাকারী, অর্থদাতা এবং পৃষ্ঠপোষকদের মুখোশ উন্মোচন করতে চাঞ্চল্যকর এ মামলাটির অধিকতর তদন্ত প্রয়োজন। একইসঙ্গে ঘটনায় জড়িত সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বিচারিক আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ তথা সরকারকে উচ্চ আদালতে আপিল করতে হবে।

আজ শুক্রবার সকালে রাজধানীর পুরানা পল্টনে কমরেড মণি সিংহ সড়কের মুক্তি ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান বক্তারা। সম্প্রতি ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের দেওয়া রায়ের প্রতিক্রিয়া ব্যক্ত করতে ‘সাংবাদিক মানিক সাহা হত্যার বিচারপ্রত্যাশী সংক্ষুব্ধ সাংবাদিক সমাজ’র ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী সাকিলা রুমা। জ্যেষ্ঠ সাংবাদিক আশীষ কুমার দে’র সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, মানিক সাহার ঘনিষ্ট সহকর্মী ও সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, চ্যানেল ২৪ এর কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর রাহুল রাহা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির বিদায়ী সাধারণ সম্পাদক রাজু আহমেদ, কালের কণ্ঠ’র জ্যেষ্ঠ প্রতিবেদক নিখিল ভদ্র, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য রফিকুল ইসলাম সবুজ, সুশাসনের জন্য নাগরিক-সুজনের আঞ্চলিক সমন্বয়ক মুর্শিকুল ইসলাম শিমুল প্রমুখ।

বিচারিক আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করে লিখিত বক্তব্যে বলা হয়, বিচারক নিজেই তাঁর পর্যবেক্ষণে বলেছেন, তদন্তে ত্রুটি ও দুর্বলতা এবং পর্যাপ্ত সাক্ষ্য না পাওয়ার কারণে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি দেওয়া গেল না। এ ছাড়া একই ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় সবাইকে খালাস দিতে হলো। অথচ হত্যা মামলার চার্জশিটের পর থেকে মামলাটি পুনঃতদন্তের দাবি জানানো হলেও- তা আমলে নেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মানিক সাহা হত্যাকাণ্ডের পর তৎকালীন বিএনপি-জামায়াত জোটের যশোর, খুলনা এবং বাগেরহাট অঞ্চলের কয়েকজন মন্ত্রী ও সাংসদসহ রাষ্ট্রীয় একটি সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠলেও তাঁদের কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। মামলার অভিযোগপত্রে মানিক সাহার অনেক ঘনিষ্ঠজনকে সাক্ষী করা হয়নি, এমনকি এ বিষয়ে তাঁদের বক্তব্য নেয়নি তদন্তকারী কর্তৃপক্ষ। এ কারণে বর্বরোচিত এ হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, অর্থদাতা এবং পৃষ্ঠপোষকরা পর্দার আড়ালে রয়ে গেছে। এ অবস্থায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে দ্রুত আপিল ও প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে অধিকতর তদন্তের উদ্যোগ নিতে রাষ্ট্রপক্ষকে আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে চার দফা দাবি তুলে ধরা হয়। সেখানে বলা হয়, সাংবাদিক মানিক সাহা হত্যার পরিকল্পনাকারী, অর্থদাতা এবং পৃষ্ঠপোষকদের মুখোশ উন্মোচন করতে রাষ্ট্র তথা সরকারকে অধিকতর তদন্তের উদ্যোগ গ্রহণ করতে হবে। পৈশাচিক ও বর্বরোচিত এ হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে উচ্চ আদালতে আপিলের উদ্যোগ নিতে হবে। স্বাধীনতা-পরবর্তী ৪৫ বছরে সব সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে ঢাকা ও খুলনাসহ সারা দেশে সব পেশাদার সাংবাদিক ও তাঁদের জানমালের নিরাপত্তার নিশ্চয়তা প্রদান।

উল্লেখ্য, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অকুতোভয় সাংবাদিক, মানবাধিকার ও পরিবেশকর্মী, সামরিক-স্বৈরাচারবিরোধী আন্দোলনে একাধিকবার কারানির্যাতিত রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মানিক সাহা ২০০৪ সালের ১৫ জানুয়ারি দুপুরে খুলনা প্রেসক্লাবের অদূরে দুর্বৃত্তদের বোমা হামলায় নৃশংসভাবে নিহত হন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত দৈনিক সংবাদ ও নিউএজ পত্রিকার খুলনাস্থ জ্যেষ্ঠ প্রতিবেদক ও বিবিসি বাংলা’র খণ্ডকালীন সংবাদদাতা ছিলেন তিনি।

basic-bank

Be the first to comment on "সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার অধিকতর তদন্ত দাবি"

Leave a comment

Your email address will not be published.


*