নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত ১৬ আসামিদের নিয়মিত ও জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের ডিভিশন বেঞ্চ শুনানির জন্য আজ বুধবার এইসব আপিল গ্রহণ করেন। আইনজীবীরা জানিয়েছেন, এ মামলার পেপার বুক প্রস্তুতের পরই ডেথ রেফারেন্স ও এসব আপিলের ওপর শুনানি হাইকোর্টে শুরু হবে।
প্রসঙ্গত, ইতোমধ্যেই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সাত খুন মামলার পেপার বুক অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তুতের জন্য হাইকোর্টের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দিয়েছেন। সাত খুন মামলায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন ও র্যাব-১১-এর সাবেক কর্মকর্তা তারেত সাঈদসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয় নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের মধ্যে নূর হোসেন, তারেক সাঈদ, আরিফ হোসেন, মাসুদ রানা, এমদাদুল হক (হাবিলদার), বেলাল হোসেন, আবু তৈয়ব, শিহাব উদ্দিন, এসআই সুনেন্দু বালা, পূর্ণেন্দু বালা, আসাদুজ্জামানূর, মূর্তজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, মিজানুর রহমান বিপু, আবুল বাশার ও রহম আলী হাইকোর্টে নিয়মিত আপিল ও জেল আপিল দায়ের করেন।
আজ বুধবার এসব আপিল হাইকোর্টের কার্য তালিকায় অন্তর্ভুক্ত ছিল। আসামিদের আইনজীবীরা এ সব আপিল শুনানির জন্য গ্রহণের আবেদর জানালে আদালত তা মঞ্জুর করে। আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এসএম শাহজাহান ও লুৎফর কবীর। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ।

Be the first to comment on "সাত খুন মামলার ১৬ আসামিদের আপিল শুনানির জন্য গ্রহণ"