নিউজ ডেস্ক : সামাজিক সেবার পরিধি আরও বাড়াতে সরকারি-বেসরকারি সংস্থাসমূহকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আজ রবিবার এক বাণীতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
আগামীকাল ২ জানুয়ারি সারাদেশে এ দিবস পালিত হচ্ছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে জাতীয় সমাজসেবা দিবসে এবারের প্রতিপাদ্য ‘সমাজসেবার উদ্ভাবন, এবার সেবায় ডিজিটাইজেশন’ যথার্থ হয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশে দুস্থ ও অসহায় মানুষের সেবা নিশ্চিতকল্পে কল্যাণধর্মী বিভিন্ন কর্মসূচির প্রবর্তন করেন। পিতৃ-মাতৃহীন শিশু ও বিধবাদের পুনর্বাসনে কেয়ার এন্ড প্রটেকশন সেন্টার প্রতিষ্ঠা, শিশুদের অধিকার সুরক্ষায় শিশু আইন, ১৯৭৪ দারিদ্র্য বিমোচনের মাধ্যমে সামাজিক ক্ষমতায়ন নিশ্চিতকল্পে রুর্যাল সোস্যাল সার্ভিস (আরএসএস) তথা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কর্মসূচির প্রবর্তন ছিল বঙ্গবন্ধুর দূরদর্শী চিন্তারই প্রতিফলন।
তিনি বলেন, সমাজসেবা অধিদফতর দারিদ্র্য নিরসন ও সামাজিক ক্ষমতায়নে সুদমুক্ত ক্ষুদ্রঋণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন ভাতা ও উপবৃত্তি কার্যক্রম, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ও ভাতা প্রদান কর্মসূচি বাস্তবায়ন করছে। শিশু সুরক্ষা, সামাজিক অবক্ষয় প্রতিরোধসহ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসন এবং দক্ষতা উন্নয়ন ও কমিউনিটি ক্ষমতায়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
আবদুল হামিদ বলেন, বাংলাদেশের আর্থিক সক্ষমতা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। দেশ ইতিমধ্যে নিম্ন মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে, খুব শীঘ্রই মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। দেশের দারিদ্র্যের হার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্য সমুন্নত রেখে জীবনচক্রের প্রতিটি ক্ষেত্রে আর্থ-সামাজিক নিরাপত্তা বিধানকল্পে সমাজসেবা অধিদফতর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, সামাজিক সেবার পরিধি আরও বৃদ্ধি করতে সরকারি-বেসরকারি সংস্থাসমূহ একযোগে কাজ করবে। তিনি সাধারণ জনগণ যাতে সেবার সুফল ভোগ করতে পারে সে লক্ষ্যে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সংস্থাকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।
Be the first to comment on "সামাজিক সেবার পরিধি বাড়াতে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির"