নিউজ ডেস্ক : ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গতকাল শুক্রবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে পুলিশের হাতে আটক সাতজনকে জরিমানা ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বর হাসানের নেতৃত্বে পরিচালিত আদালত ছয়জনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
জরিমানাপ্রাপ্তরা হলেন গফফার শেখ (৫০), মিন্টু খন্দকার (৪২), ইয়াসিন সরদার (৩২), পান্নু মোল্লা (৪৮), সোহরাব খালাসী (৪০) এবং হেলাল মিয়া (৩৬)। আর তিন মাসের কারাদণ্ডপ্রাপ্ত হলেন মাধব মণ্ডল (৪৫)। এদের বাড়ি গট্টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
সালথার ইউএনও মোবাশ্বর হাসান জানান, এলাকায় দাঙ্গা সৃষ্টির দায়ে দণ্ডবিধির ১৪৮ ধারায় তাদেরকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। সালথা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “জরিমানার টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। “

Be the first to comment on "সালথায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে সাতজনের সাজা"