নিজস্ব প্রতিবেদক :চার জন সচিবকে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। এরা হলেন- অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. নজিবুর রহমান, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. আব্দুর রব হাওলাদার, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এক আদেশে তাদেরকে পদোন্নতি দিয়ে আগের দপ্তরেই পদায়ন করেছে।
২০১২ সালে ‘সিনিয়র সচিব’ নামে নতুন পদ সৃষ্টি করে সরকার।
অষ্টম বেতন কাঠামোতে সচিবদের মূল বেতন ৭৮ হাজার টাকা নির্ধারিত থাকলেও জ্যেষ্ঠ সচিবদের মূল বেতন ধরা হয়েছে ৮২ হাজার টাকা। জ্যেষ্ঠ সচিবদের চেয়ে সরকারের দুজন কর্মকর্তা বেশি বেতন পান; মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মূখ্য সচিবের মূল বেতন নির্ধারিত আছে ৮৬ হাজার টাকা।
১৯৮২ সালের নিয়মিত ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নজিবুর গত বছরের ১১ জানুয়ারি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব নিয়োগ পান; পদাধিকারবলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানও। এর আগে তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ছাড়াও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। জাতিসংঘে বাংলাদেশ মিশনে ইকোনমিক মিনিস্টার, অর্থনৈতিক সামাজিক পরিষদে লিড ডেলিগেইট এবং ইউএনডিপির সহকারী আবাসিক পরিচালকের দায়িত্বেও ছিলেন নজিবুর। স্পিকার প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরীর একান্ত (পিএস) সহকারীও ছিলেন তিনি। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে যাবেন তিনি।
সংসদ সচিবালয়ের সচিব আব্দুর রব হাওলাদার এর আগে ধর্ম এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণায়ের সচিব ছিলেন। ১৯৮১ সালের বিসিএস ব্যাচের কর্মকর্তা মোশাররফ হোসেনকে ২০১৪ সালের ২৬ অক্টোবর শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয় সরকার। ২০১০ সালের ৩ ফেব্রুয়ারি সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পেয়ে ওই বছরের ২৯ জুলাই পদোন্নতি পেয়ে সচিব হন তিনি। আর জাফর আহমেদ খান পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন।

Be the first to comment on "সিনিয়র সচিব হলেন ৪ কর্মকর্তা"