শিরোনাম

সিলেটে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধা

নিউজ ডেস্ক : বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তর মরদেহ সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। সেখানে শত শত মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে। আজ সোমবার বেলা ১১টার একটু আগেই তার মরদেহবাহী হেলিকপ্টারটি সেখানে পৌঁছায়। সকাল ৯টার পর হেলিকপ্টারে করে সাবেক মন্ত্রী ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তর মরদেহ ঢাকা থেকে সিলেটের উদ্দেশে পাঠানো হয়। সেখান থেকে তার মরদেহ সুনামগঞ্জে নেওয়ার কথা। নির্বাচনী এলাকায় (দিরাই-শাল্লা) নেওয়ার পর বিকেলে শেষকৃত্য হবে।

এর আগে সকাল ৮টা ২৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতাল থেকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স জাতীয় প্যারেড গ্রাউন্ডে নেওয়া হয়। পরে সেখান থেকে হেলিকপ্টারে সিলেটে নেওয়া হয়। সেখানে শ্রদ্ধা শেষে তার মরদেহ সুনামগঞ্জের তার গ্রামের বাড়ি দিরাইয়ে নেওয়া হবে।

গতকাল রবিবার ভোররাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুরঞ্জিত সেনগুপ্ত মারা যান। পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার থেকে অসুস্থ বোধ করছিলেন সুরঞ্জিত। গত শুক্রবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। গতকাল ভোররাত ৪টা ২৪ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা।

 

basic-bank

Be the first to comment on "সিলেটে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধা"

Leave a comment

Your email address will not be published.


*