নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আট পুলিশ সদস্যসহ ১০ জন। গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য হলেন কনস্টেবল মো. মোস্তফা। আহতরা হলেন, পুলিশের পরিদর্শক মো. মোকাদ্দেস, উপপরিদর্শক(এসআই) সুজয় কুমার মজুমদার, এসআই হিরো, কনস্টেবল সাজিদুল ইসলাম, সামশুল ইসলাম, মোস্তফা জামাল, ইমরুল, সাইফুল ইসলাম। এ ছাড়া গাড়িটির চালক আশরাফ ও অপর একজন আহত হন।
আহত পরিদর্শক মোকাদ্দেস বলেন, এক হাজার ২০০ ফুট উঁচু চন্দ্রনাথ ধামে দায়িত্ব পালন শেষে রাত সাড়ে ৮টার দিকে মাইক্রোবাসে করে থানায় ফিরছিলেন তাঁরা। তিনিসহ ৯ পুলিশ এবং গাড়িটির চালক ও তাঁর সহকারী মাইক্রোবাসটিতে ছিলেন। সড়কটিতে পাথর খণ্ড ছিল। পাহাড়ের একটি টিলা পার হওয়ার পর চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। গাড়িটি খাদে পড়ে যেতে থাকে। একপর্যায়ে গাড়িটি একটি গাছের সঙ্গে আটকে যায়। এতে গাড়িটির সব আরোহী আহত হন। তাঁদের সীতাকুণ্ড স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়।
সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউর রহমান জানান, হাসপাতালে নেওয়ার পর কনস্টেবল মো. মোস্তফা মারা যান।
সীতাকুণ্ড স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সমরজিৎ বড়ুয়া বলেন, রাত ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে। রাত সোয়া ১০টার দিকে চালককে আনা হয়। আহতদের মধ্যে চার পুলিশ সদস্যের অবস্থা গুরুতর।

Be the first to comment on "সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত, আহত ১০"