শিরোনাম

সুষ্ঠু নির্বাচন ছাড়া বেশিকিছু চাই না: ফখরুল

নিউজ ডেস্ক :  প্রধানমন্ত্রীকে উদ্দেশে করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে ধ্বংস করবেন না। আর সেই খাতায় নিজের নাম লেখাবেন না, যেখানে জনগণের খাতায় ধিকৃতদের নাম লেখা থাকে। তিনি বলেন, আমরা আপনাদের কাছে সুষ্ঠু নির্বাচন ছাড়া বেশিকিছু চাই না। তাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন, যে নির্বাচনে সকল দল অংশগ্রহণ করতে পারে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে। মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

৫ জানুয়ারির নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেনি অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, এ কারণে বর্তমানে যারা দেশ পরিচালনার দায়িত্বে রয়েছেন তারা কেউই প্রকৃত জনপ্রতিনিধি নন। আওয়ামী লীগকে গণতন্ত্র বিরোধী অ্যাখ্যা দিয়ে তিনি বলেন, এদের স্বৈরশাসক বললে ভুল হবে। কারণ এ দলটি এখন পুরোপুরি ফ্যাসিস্ট দলে পরিনত হয়েছে। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তা বিশ্বাস করে না। তারা গণতন্ত্রকে ধ্বংস করছে। অতীতেও তারা বাকশাল করে গণতন্ত্র ধ্বংস করেছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ পরাজিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া এ সরকারের পতন হবে না। তাই সবাইকে প্রস্তুত হতে হবে। গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের দাবি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, যারা গুম হয়েছে তারা ফিরে আসবে না। জেনে বুঝে তাদের সরিয়ে দেয়া হয়েছে। এই গুম-খুণের জবাব একদিন দেশের জনগণকে দিতে হবে।

নির্বাচন কমিশন গঠনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দেয়া ১৩ দফা প্রস্তাব সম্পর্কে মির্জা ফখরুল বলেন, আমরা জানতে পেরেছি রাষ্ট্রপতি বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন নির্বাচন কমিশন গঠনে আলাপ-আলোচনা শুরু করবেন। এতে আমরা যেমন খুশি হয়েছি, পাশাপাশি আশঙ্কা করছি। কারণ গতবারও রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করলেও আওয়ামী লীগের প্রেসক্রিপশন অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করেছিলেন।

সাবেক ডাকসু ভিপি ও বর্তমানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, খন্দকার লুৎফর রহমান, সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ।

basic-bank

Be the first to comment on "সুষ্ঠু নির্বাচন ছাড়া বেশিকিছু চাই না: ফখরুল"

Leave a comment

Your email address will not be published.


*