নিউজ ডেস্ক : সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের চিকিৎসার দায়িত্বভার নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন কবিকে দেখতে যান প্রধানমন্ত্রী। এ সময় তিনি ৪০ মিনিট সেখানে অবস্থান করেন। চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছে পেয়ে কবি সৈয়দ হক আবেগআপ্লুত হয়ে পড়েন। এ সময় প্রধানমন্ত্রীও তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং নানা বিষয়ে কথা বলেন।
চার মাসের বেশি সময় লন্ডনে চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরেন সৈয়দ শামসুল হক। দেশে ফেরার আগে সেখানকার চিকিৎসকরা কবিকে পরামর্শ দিয়েছেন নিজ দেশে পরিবারের সঙ্গে একান্ত নিরিবিলি সময় কাটাতে। মূলত ফুসফুস ক্যানসারের চিকিৎসা চলছিল সৈয়দ হকের। তবে রোগ এখনও পুরোপুরি নিরাময় হয়নি বলেই জানা যায়। হাসপাতালে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহাবুবুল হক শাকিল, কবির স্ত্রী আনোয়ার সৈয়দ হক ও ছেলে দ্বিতীয় সৈয়দ হক। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।
একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কার পাওয়া এই সাহিত্যিকের হাত দিয়ে ‘খেলারাম খেলে যা’, ‘নীল দংশন’, ‘মৃগয়া’, ‘সীমানা ছাড়িয়ে’, ‘আয়না বিবির পালা’সহ বহু পাঠকপ্রিয় বই এসেছে।
তার লেখা নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ ও ‘নুরুল দীনের সারাজীবন’ বাংলাদেশের মঞ্চনাটকের ইতিহাসে মাইলফলক হয়ে আছে।
সৈয়দ শামসুল হকের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

Be the first to comment on "সৈয়দ শামসুল হকের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী"