শিরোনাম

স্থায়ী বিচারপতি না হওয়ায় শিবলীর হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক : হাইকোর্ট বিভাগে দুই বছর অতিরিক্ত বিচারপতি হিসেবে দ্বায়িত্ব পালনের পরও স্থায়ী হিসেবে নিয়োগ না পাওয়ায় রিট করেছেন ফরিদ আহমদ শিবলী। রিটে তাকে স্থায়ী নিয়োগ না দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, আইন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে রিটে বিবাদী করা হয়েছে।

রিটে ফরিদ আহমদ শিবলীকে নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত কেন বাতিল ও বেআইনী ঘোষণা করা হবে না এবং তাকে কেন স্থায়ী নিয়োগের নির্দেশ দেওয়া হবে না, সেই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী মনজিল মোরসেদ।

তিনি আরও জানান, আজই (রবিবার) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্টে বেঞ্চে মামলাটি শুনানি হতে পারে।

ফরিদ আহমদ শিবলীসহ ১০ জন ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি দুই বছরের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। পরের দিন তারা শপথ নেন। ওইদিন থেকেই তাদের নিয়োগ কার্যকর হয়। গত ৮ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে হাইকোর্টে নিয়োগ পাওয়া ১০ অতিরিক্ত বিচারপতির মধ্যে ওই ৮ জনকে স্থায়ীভাবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

বাকি দুজনের মধ্যে গত ১৫ ডিসেম্বর বিচারপতি জে এন দেব চৌধুরী পরলোকগমন করেন। অপরদিকে ফরিদ আহমদ শিবলীকে স্থায়ী করা হয়নি।

আবেদনের বিষয়ে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির পরামর্শ সর্বাধিক গুরুত্ব পাবে। বিচারপতি ফরিদ আহমদ শিবলীকে বাদ দিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সংবিধানের ৯৫ অনুচ্ছেদ ও মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থি। তাকে স্থায়ী না করার বিষয়ে ৯ ফেব্রুয়ারি একটি সংবাদ দৈনিক যুগান্তরে প্রকাশিত হয়।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া একজনকে বাদ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে আইনের লংঘন ঘটেছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জানা গেছে, প্রধান বিচারপতি এসকে সিনহা ৯ জনকেই স্থায়ী বিচারপতি নিয়োগের সুপারিশ করেছিলেন।

এতে আরও বলা হয়, প্রধান বিচারপতির সুপারিশের পরও একজনকে স্থায়ী নিয়োগ থেকে বঞ্চিত করায় সুপ্রিম কোর্টের ‘১০ বিচারপতির মামলা’-সংক্রান্ত রায়ের লংঘন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

basic-bank

Be the first to comment on "স্থায়ী বিচারপতি না হওয়ায় শিবলীর হাইকোর্টে রিট"

Leave a comment

Your email address will not be published.


*