নিউজ ডেস্ক : রংপুর নগরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্য আত্মসমর্পণ করেছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর নগরের ধাপ এলাকার শীতল কমিউনিটি মিলনায়তনে আয়োজিত জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশ ও জঙ্গিদের আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে ওই তিনজন আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। এ সময় স্বাভাবিক জীবনে ফিরে আসায় তাঁদের প্রত্যেকের হাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পক্ষ থেকে পাঁচ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
আত্মসমর্পণকারী ওই তিন জেএমবি সদস্য হলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার লোহারবন্দ গ্রামের মনদেল হোসেনের ছেলে হাফেজ মো. মাসুদ রানা ওরফে হাফেজ মাসুদ (১৮), একই উপজেলার বিন্নাগাড়ি গ্রামের জিল্লুর রহমানের ছেলে হাফিজুর রহমান (১৫) ও জয়রামপুর গ্রামের সারোয়ার হোসেনের ছেলে আক্তারুজ্জামান ওরফে আক্তারুল (১৮)। অনুষ্ঠানে আত্মসমর্পণ করে হাফেজ মো. মাসুদ রানা বলেন, আমি আরিফুলের মাধ্যমে এই পথে আসার জন্য উদ্বুদ্ধ হই।
পরে জেএমবিতে যোগদান করি। মাজারে হামলা, গানবাজনা অনুষ্ঠানে নাশকতা, শিয়া মসজিদে হামলা, রোজার মাসে খাবারের দোকান খোলা থাকলে সেখানে হামলার পরিকল্পনা করি। পরবর্তী সময়ে আমি নিজের ভুল বুঝতে পারি। বুঝি যে এই পথ ভুল পথ। তাই আমি আত্মসমর্পণের সিদ্ধান্ত নিই। অপর আত্মসমর্পণকারী আক্তারুজ্জামানের বাবা সারোয়ার হোসেন বলেন, আমার ছেলে ভুল পথে গিয়েছিল। পরে বুঝতে পেরে সে আমার সঙ্গে এ ব্যাপারে আলোচনা করে। আমরা বিষয়টি নিয়ে র্যাবের সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণের সিদ্ধান্ত জানাই।

Be the first to comment on "স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিন জেএমবি সদস্যের আত্মসমর্পণ"