নিউজ ডেস্ক : সড়কের কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করে এ অসন্তোষের কথা জানান মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ‘রাস্তার মান নিয়ে আমি খুশি নই। দুই বছর আগে চন্দ্রা-নবীনগর ফোর লেনের কাজ সম্পন্ন হলেও এ রাস্তায় একটু বৃষ্টি হলেই গর্ত হয়ে যায়। মেরামত করার জন্য বলা হলেও সেটি এখনো মেরামত করা হয়নি। আমি গেলেই আমার সামনে একটি গাড়ি নিয়ে চুলা জ্বালিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর আর কোনো কাজ হয় না, যা দুর্ভাগ্যজনক।
তিনি আরও বলেন, রাস্তায় শৃঙ্খলা বজায় রাখতে হবে। আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। শৃঙ্খলা না থাকলে ফোর লেন, এইট লেন করেও কোনো লাভ হবে না। রাস্তায় যারা চলে তারা যদি শৃঙ্খলা না মানে তবে এসব করে কী লাভ।’ তিনি বলেন, ‘ঢাকায় এখন মোটরসাইকেলে তিনজন আরোহী চড়া প্রায় ৯০ ভাগ বন্ধ করা গেছে। কিন্তু সারা দেশে এটি বন্ধ হয়নি। অনেক রাজনৈতিক দলের কর্মীরা তা মানে না, তারা তিনজন করে মোটরসাইকেলে চড়বে এবং কোনো হেলমেট ব্যবহার করবে না।’
অনেক রাজনৈতিক নেতার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলে সেতুমন্ত্রী বলেন, ‘অনেক রাজনৈতিক নেতা এবং অনেক বড়লোক দেশে ঈদ করেন না। তারা ঈদ উদযাপন করতে চলে যান বাইরে। এটা খুব কষ্টকর, যে আমার দেশের মাটিতে তারা আনন্দ খুঁজে পায় না। শিকড়ের টানে, গ্রামের টান তাদের আকর্ষণ করে না। এসব রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে আমি রাস্তার শৃঙ্খলা, সড়কের মান উন্নয়নের জন্য লড়াই চালিয়ে যাব, কোনো আপোস করব না।’ মন্ত্রীর পরিদর্শনকালে সড়ক ও জনপথের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুর মহাসড়ক পুলিশ সুপার সফিকুর রহমানসহ সড়ক ও জনপথ এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সড়কের কাজের মান নিয়ে সেতুমন্ত্রীর অসন্তোষ

Be the first to comment on "সড়কের কাজের মান নিয়ে সেতুমন্ত্রীর অসন্তোষ"