শিরোনাম

হারিকেন হারমাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক :  ফ্লোরিডায় আঘাত হানা হারিকেন হারমাইনে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। শুক্রবার ফ্লোরিডা ও জর্জিয়ার ওপর দিয়ে বয়ে যাওয়া এ হারিকেনে অন্ততপক্ষে একজনের মৃত্যু হয়েছে কয়েক শ ভবন ধসে পড়েছে, তিন লাখের ওপর বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফ্লোরিডার রাজধানী তালাহাসির এক অঞ্চলেই অন্ততপক্ষে ৭০ হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শহরটির ৬০ শতাংশ বাসিন্দা হারমাইনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
২০ হাজার বাসিন্দা অধ্যুষিত ফ্লোরিডার টেইলর কাউন্টি ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে সেখানকার পুলিশ জানিয়েছে। হারমাইনের প্রভাবে ফ্লোরিডার সেডার কি শহরে পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে রেকর্ড সাড়ে ৯ ফুট বেশি ওপরে উঠে যায় বলে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানিয়েছে। হারিকেনে ৫৬ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ফ্লোরিডার স্থানীয় পত্রিকাগুলো জানিয়েছে। নিহত ব্যক্তি তার তাঁবুতে শুয়ে থাকার সময় গাছ পড়ে তার মৃত্যু হয়।
ফ্লোরিডা ও জর্জিয়ায় আঘাত হানার পর খানিকটা দুর্বল হয়ে হারমাইন সাউথ ক্যারোলিনায় আঘাত হানলে সেখানকার অধিকাংশ রাস্তা প্লাবিত হয়, অসংখ্য গাছ ভেঙে পড়ে এবং বেশির ভাগ এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। ২০১৪র জুলাইয়ের পর হারমাইন হচ্ছে যুক্তরাষ্ট্রে আঘাত হানা প্রথম হারিকেন। ২০০৫ সালের অক্টোবরে এ রাজ্যে সর্বশেষ হারিকেন উইলমা আঘাত হেনেছিল। সেবার পাঁচজনের মৃত্যু ও প্রায় ২৩ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছিল।
বিবিসি জানাচ্ছে, ফ্লোরিডায় আঘাত হানার পর হারিকেন হারমাইন দুর্বল ঝড়ে পরিণত হয়েছে এবং তা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ঝড়ের জন্য জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, মেরিল্যান্ড ও ভার্জিনিয়াতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। হারিকেনে আঘাত হানা ফ্লোরিডার বিভিন্ন অঞ্চলেও জরুরি অবস্থা জারি আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফ্লোরিডা উপকূল দিয়ে ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে বাতাস বইছে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "হারিকেন হারমাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি"

Leave a comment

Your email address will not be published.


*