নিউজ ডেস্ক : গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত রেজা করিমের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার ঢাকার মহানগর হাকিম ইমদাদুল হক এ আদেশ দেন।
অন্যদিকে একই ঘটনায় ৫৪ ধারায় গ্রেপ্তার কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে ৬ দিনের রিমান্ডে নেওয়া হবে। ঢাকার মহানগর হাকিম গোলাম নবী এই রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান জানান, হাসনাত করিমকে গুলশানের ঘটনায় গ্রেফতার দেখিয়ে শনিবার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত আটদিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া তাহমিদকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গুলশানে হামলার ঘটনায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় হাসনাত করিম ও তাহমিদকে গ্রেপ্তারের কথা ৩ আগস্ট জানায় পুলিশ। পরে তাঁদের আট দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আজ ফের তাঁদের রিমান্ডে চায় পুলিশ।
১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ দেশি-বিদেশি ২২ নাগরিক নিহত হন। পরে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে ৬ জঙ্গি নিহত হয়।

Be the first to comment on "হাসনাত ও তাহমিদ ফের রিমান্ডে"