নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে মাত্র ১ উইকেটে হেরেও অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ যুব দল। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সেমিতে উঠল বাংলাদেশ।
আর জিতেও টুর্নামেন্ট থেকে বিদায় নিল পাকিস্তান। কারণ, গ্রুপ পর্বে অন্য ম্যাচে বড় জয়ে বোনাস পয়েন্ট নিয়ে পাকিস্তানের চেয়ে রান রেটে এগিয়ে থেকে সেমিফাইনালে ওঠে আফগানরা।
শ্রীলঙ্কার গল এ টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৯.৫ ওভারে ২৩০ রান করে বাংলাদেশ। দলের পক্ষে আফিফ হোসেন ৯৪ বলে ৮০, মোহাম্মদ রাকিব ৫৩ বলে ৪২ ও অধিনায়ক সাইফ হাসান ৬০ বলে ৩২ রান করেন।
জবাবে ৪৫.১ ওভারে ২১৬ রানে নবম উইকেট হারায় পাকিস্তান। তাই জয়ের স্বপ্নই দেখছিল বাংলাদেশ। কিন্তু শেষ উইকেট জুটিতে অনবদ্য ১৭ রানের জুটি গড়ে দলকে দারুণ এক জয় এনে দেন সাদ খান ও মুহাম্মদ হাসনাইন। জয়টি দারুণ হলেও, শেষ পর্যন্ত তা হতাশাতেই রূপ নেয়।
কারণ, এই গ্রুপের অন্য ম্যাচে সিঙ্গাপুরকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় আফগানিস্তান। সিঙ্গাপুরের ৭৪ রানের টার্গেট ২৫ বল মোকাবিলা করেই তুলে ফেলে আফগানরা। ৯ উইকেট ও ২৭৫ বল হাতে থাকায় বোনাস পয়েন্টের সাথে রান রেট অনেকখানি বেড়ে যায় আফগানদের। এতে পাকিস্তানের রান রেটকে টপকে এবারের আসরের সেমিফাইনালে উঠল আফগানিস্তান।
আগামী ২১ ডিসেম্বর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ। আর আগামী ২০ ডিসেম্বর অন্য সেমিতে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান।
গ্রুপে বাংলাদেশ-আফগানিস্তান ও পাকিস্তানের পয়েন্ট সমান ৯। তবে রান রেটে এগিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। আর রান রেটে গ্রুপ রানার্স-আপ হয় আফগানিস্তান।
‘বি‘ গ্রুপের পয়েন্ট টেবিল :
| দল | খেলা | জয় | হার | বোনাস পয়েন্ট | পয়েন্ট | রান রেট |
| বাংলাদেশ | ৩ | ২ | ১ | ১ | ৯ | +১.৫৮৪ |
| আফগানিস্তান | ৩ | ২ | ১ | ১ | ৯ | +১.৪২৫ |
| পাকিস্তান | ৩ | ২ | ১ | ১ | ৯ | +১.৩৬৮ |
| সিঙ্গাপুর | ৩ | ০ | ৩ | ০ | ০ | -১১.৩১২ |

Be the first to comment on "হেরেও সেমিতে বাংলাদেশ; জিতেও পাকিস্তানের বিদায়!"