নিউজ ডেস্ক : নিরাপত্তার কড়াকড়ির মধ্যেও অবৈধভাবে হজ পালন পুরোপুরি বন্ধ করা যায়নি এবারও। দেড় হাজার রিয়াল খরচ করে অনেকে এই সুযোগ নিয়েছেন বলে সৌদি আরবের গণমাধ্যমে খবর এসেছে।
গত শুক্রবার থেকে আনুষ্ঠানিতকতা শুরু করে সোমবার ঈদুল আজহার দিন পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হয়েছে হজ। এর মধ্যে রোববার ছিল মূল অনুষ্ঠানে আরাফাতের ময়দানে সম্মিলন।
সারাবিশ্ব থেকে মুসলিমরা আসায় প্রতিবছর হজ পালনকারীর সংখ্যা সুনির্দিষ্ট করে দেওয়া হয়। স্থানীয়দের ক্ষেত্রেও ইচ্ছা করলেই হজ করা যায় না, সৌদি কর্তৃপক্ষের পারমিট নিয়েই এই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে হয়।
গত বছর দুটি দুর্ঘটনার পর এবার অবৈধ হজযাত্রী ঠেকাতে ব্যাপক কড়াকড়ি ছিল সৌদি কর্তৃপক্ষের। তার ফাঁক গলেও অনেকে হজ করেছেন বলে সোমবার আরব নিউজ প্রকাশিত খবরে উঠে আসে।
সৌদি আরবের নাগরিক এবং সে দেশে বসবাসরত বিদেশি মিলিয়ে আড়াই লাখের মতো মুসলিম ‘কাদ্দাদিন’দের ধরে এবার হজে অংশ নেন বলে প্রতিবেদনে বলা হয়। বেসরকারি গাড়িচালকদের স্থানীয় ভাষায় কাদ্দাদিন বলা হয়।
আরব নিউজ বলছে, নিরাপত্তা চৌকিগুলো এড়িয়ে এভাবে হজে নিয়ে যেতে কাদ্দাদিনরা গড়ে ১৫০০ রিয়াল করে নিয়েছে।
এক কাদ্দাদিন আরব নিউজকে বলেন, এবার নিরাপত্তার কড়াকড়ি ছিল বেশ। তাই বেশ সতর্ক থাকতে হয়েছে। প্রধান সড়কগুলো এড়াতে বেশ বন্ধুর পথ বেছে নিতে হয়েছে।
হজ করতে ইহরাম বাঁধতে হলেও ধরা পড়ার ভয়ে অবৈধ পথে যাওয়ার সময় এই যাত্রীদের তা পরতে নিষেধ করেন কাদ্দাদিনরা, মিনা বা আরাফাতের ময়দানে ঢুকে পড়ার পর তাদের প্রথাগত সাদা কাপড় পরতে দেওয়া হয়।
এভাবে অবৈধভাবে হজে অংশ নেওয়ার দৃশ্য ইন্টারনেটে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে এসেছে।
মক্কার পুলিশ প্রধান মেজর জেনারেল সাঈদ বিন সালাম আল-কারনি বলেছেন, এবার অবৈধ হজযাত্রী ঠেকাতে ১০৯টি তল্লাশি চৌকি বসানো হয়েছিল।
পাসপোর্ট অফিসের প্রধান বলেছেন, অবৈধভাবে হজ পালনে সহায়তাকারী গাড়ির চালকদের কারাগারে পাঠানোর পাশাপাশি তাদের কাছ থেকে ২০ লাখ সৌদি রিয়াল জরিমানা আদায় করা হয়েছে। জব্দ করা হয়েছে ১১টি গাড়ি।
সূত্র: বিডি নিউজ
১৫০০ রিয়ালে অবৈধ পথে হজ॥ আরব নিউজ

Be the first to comment on "১৫০০ রিয়ালে অবৈধ পথে হজ॥ আরব নিউজ"