শিরোনাম

২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালন করবে ১৪ দল

নিউজ ডেস্ক : কেন্দ্রীয়ভাবে ২৫ মার্চ ‘জাতীয় গণহত্যা দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দীলয় জোট। একইসঙ্গে এ দিনটিকে গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে উদ্যাগ গ্রহণের দাবি জানিয়েছে ১৪ দল।
রবিবার (১২ মার্চ) আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠকে শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম সাংবাদিকদের এ সব তথ্য জানান।
১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ স্মরণে দিনটিকে ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণার প্রস্তাব জাতীয় সংসদে সর্বসম্মতিতে পাস করায় সরকারকে অভিনন্দন জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র নাসিম।
তিনি এ দিবসটি জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পালনের স্বীকৃতি আদায়ে কাজ করতে সরকার ও পররাষ্ট্রমন্ত্রীকে দ্রুত উদ্যোগ গ্রহণ করতে আহ্বান জানান।
আগামী ২৫ মার্চ দেশব্যাপী ১৪ দল কেন্দ্রীয়ভাবে দিবসটি পালন করবে জানিয়ে মোহম্মদ নাসিম বলেন, ‘এর মাধ্যমে দেশবাসীকে আমরা পাকিস্তানিদের বর্বরতা মনে করিয়ে দিতে চাই। এদের এখনো বোধোদয় হয়নি। লেখনিসহ নানাভাবে তারা গণহত্যাকে অস্বীকার করছে। কিন্তু এই নির্লজ্জ্ব ও পাপিষ্ঠ জাতির বিরুদ্ধে আমাদের লড়াই থেমে নেই। তাদের বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে হবে।’
এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে এ দিবসটি পালন করা হবে বলেও জানান তিনি।
এদিকে ৩০ মার্চ অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ও সুনামগঞ্জ- ২ আসনের উপ-নির্বাচন প্রসঙ্গে নাসিম বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে জয়া সেনগুপ্তকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। এ দুই প্রার্থীর পক্ষে প্রচারের জন্য ১৪ দলীয় জোটের নেতারা অংশ নিবেন।’
গতকাল (শনিবার) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাসদের মহাসমাবেশ যোগদানকারী নরসিংদীর জাসদ কর্মীদের উপর হামলায় ঘটনায় দুঃখপ্রকাশ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘দুই একটি বিচ্ছিন্ন ঘটনায় আমাদের ঐক্য বিনষ্ট করা যাবে না।’
এর আগে জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, বাসদের রেজাউর রশীদ খান, গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেন, বাংলাদেশ গণ আজাদী লীগের সাধারণ সম্পাদকন মুহাম্মদ আতা উল্লাহ খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পদক শাহদাত হোসেন প্রমুখ।

basic-bank

Be the first to comment on "২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালন করবে ১৪ দল"

Leave a comment

Your email address will not be published.


*